Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

মিস্টার বিস্টের ভিডিওতে হার্দিক পান্ডিয়া, দান করলেন পুরস্কারের অর্থ

স্পোর্টস ডেস্ক

০১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

ক্রিকেট ব্যাট ছেড়ে এবার হাতে বেজবল ব্যাট তুলে নিয়ে বড় এক জয় ছিনিয়ে নিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর 'মিষ্টার বিস্ট' এর সাম্প্রতিক এক চ্যালেঞ্জমূলক ভিডিওতে অংশ নিয়ে এই সাফল্য পান তিনি। কেবল বিজয়ীই হননি, পুরস্কার হিসেবে জিতেছেন ১ লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৪.৯ লাখ রুপি), যার পুরোটাই তিনি জনকল্যাণমূলক কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।   

উত্তেজনাপূর্ণ সব চ্যালেঞ্জ ও বিশাল অঙ্কের নগদ পুরস্কারের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত মিষ্টার বিস্ট। বিভিন্ন খেলাধুলার তারকাদের নিয়ে তৈরি এই ভিডিওর মূল চ্যালেঞ্জটি ছিল স্টেডিয়ামের বাইরে হোম রান (বেসবল ছক্কা) হাঁকানো। যার লক্ষ্য ছিল প্রতিপক্ষের চেয়ে বেশি হোম রান সংগ্রহ করা। অপরিচিত খেলা হওয়া সত্ত্বেও দুর্দান্ত হিট করে মিষ্টার বিস্টকে হারিয়ে দেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে জয়ের টাকা নিজের কাছে না রেখে তিনি নিঃস্ব ও দুস্থ শিশু এবং পথকুকুরদের কল্যাণে নিয়োজিত একাধিক দাতব্য সংস্থায় সমপরিমাণ অর্থ দান করেন।   

মাঠের বাইরে এই মানবিক পদক্ষেপে আলোচনায় এলেও আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছুদিন ধরে অনুপস্থিত হার্দিক পান্ডিয়া। আহমেদাবাদে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের হয়ে তিনি শেষবার মাঠে নেমেছিলেন। এরপর কেবল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে মাঠে দেখা গেছে তাকে।

গত ২৪ মে আইপিএল ম্যাচের পর থেকে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। ফলে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ (ওয়ানডে ও টি-টোয়েন্টি), আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দেখা যায়নি তাঁকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজটিতেও তিনি স্কোয়াডে নেই।

তবে ক্রিকেট থেকে সাময়িক দূরে থাকলেও মিষ্টার বিস্টের ভিডিওতে তাঁর এই আগমন এবং পুরো পুরস্কারের অর্থ অনুদান দেওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে দারুণ প্রসংশিত হচ্ছে।