Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ব্যালন ডি’অরের আদলে আইসিসি অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক

০১ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

ক্রিকেটের বিশ্বমঞ্চে এবার পুরস্কার বিতরণের ধরন পাল্টে যেতে চলেছে। বছরের পর বছর ডিজিটাল ঘোষণায় সীমাবদ্ধ থাকা আইসিসি অ্যাওয়ার্ড এখন ফুটবলের ব্যালন ডি’অর বা আমেরিকান ফুটবলের এনএফএল অনার্সের মতো বড় আয়োজনে রূপ নিতে যাচ্ছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমনই এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মেই বার্ষিক পুরস্কার ঘোষণা করা হতো। কিন্তু এবার সংস্থাটি চাইছে সেরা খেলোয়াড়, দল ও সংগঠকদের এক মঞ্চে এনে তাদের অর্জন উদযাপন করতে। দুই বছরের বিরতির পর ২০২৭ সালে ফিরছে আইসিসি অ্যাওয়ার্ড। সেখানে ২০২৫ ও ২০২৬ সালের পারফরম্যান্স একসঙ্গে বিবেচনা করা হবে। অর্থাৎ দুই বছরের অর্জনকে একত্র করে একটি নতুন পুরস্কার চক্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

‘দ্য গার্ডিয়ান’-এর কাছে এমন তথ্য নিশ্চিত করেছে আইসিসির একটি সূত্র। সংস্থার লক্ষ্য হলো ক্রিকেটের সেরাদের আরও বড় পরিসরে সম্মান জানানো এবং অনুষ্ঠানটিকে বিশ্ব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ইভেন্টে পরিণত করা। ২০২৫ সালের পুরস্কার ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্তও এই নতুন ভাবনার অংশ বলে জানা গেছে।

আইসিসির এক মুখপাত্র ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছেন, “বেশ কয়েক বছর ধরে আমরা বার্ষিক পুরস্কার ডিজিটাল মাধ্যমে দিয়ে আসছি। কিন্তু এই আয়োজন আসলে কেমন হওয়া উচিত এবং এর মাধ্যমে কী অর্জন সম্ভব, সে বিষয়ে নতুন করে ভাবতেই আমরা সচেতনভাবে ২০২৫ সালের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছি।”

তিনি আরও জানান, “এই পুনর্বিবেচনার ফলে আমরা এখন আইসিসি অ্যাওয়ার্ডের নতুন কাঠামো তৈরির কাজ করছি। ২০২৭ সালে এটি ফিরবে এবং ২০২৫-২৬ সালকে একটি মৌসুম হিসেবে ধরা হবে। ক্রিকেটের সেরা খেলোয়াড়, দল ও অর্জনগুলো উদযাপনের জন্য আরও বিস্তৃত ও অর্থবহ মঞ্চ তৈরি করাই আমাদের লক্ষ্য।”

এই উদ্যোগের মূল উদ্দেশ্য পুরস্কারটির মর্যাদা ও গুরুত্ব বাড়ানো। সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল ঘোষণায় আটকে থাকা আয়োজনকে এবার স্বশরীরে উপস্থিতিনির্ভর বড় অনুষ্ঠানে রূপ দিতে চায় আইসিসি। তবে অনুষ্ঠানের ধরন, ভেন্যু, পুরস্কারের বিভাগ বা বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।