Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

সাঈদ আনোয়ারের রেকর্ড ছুঁয়ে ঐতিহাসিক মাইলফলক ফখর জামানের

স্পোর্টস ডেস্ক

০১ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

বড় মঞ্চে জ্বলে ওঠার প্রতিচ্ছবি তিনি আবারও দেখালেন। লঙ্কানদের পাহাড়সম রান তাড়া করতে নেমে চাপের মুখে অসাধারণ এক ইনিংস খেলে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নিজের নাম নতুন করে লেখালেন ফখর জামান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শতক হাঁকিয়ে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার সাঈদ আনোয়ারের দীর্ঘদিনের এক ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেছেন এই বাঁহাতি ওপেনার।

শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান ফখর। মাত্র ৮৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৯৯ বলে ১২৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দিলশান মাদুশঙ্কার বলে আউট হন ফখর। তার দৃষ্টিনন্দন এই ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি চোখধাঁধানো ছক্কার মার।

যেকোনো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের পক্ষে সর্বাধিক ২ সেঞ্চুরি করার রেকর্ড ছিল কেবল সাঈদ আনোয়ারের। ১৯৯৩ সালে উইলস ট্রফির ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৯৯৮ সালে রিলায়েন্স কাপ/ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন আনোয়ার। দীর্ঘ দিন পর সেই রেকর্ডে ভাগ বসালেন ফখর। 

এর আগে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে নিজের প্রথম ফাইনাল সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন তিনি।

শুধু রেকর্ড ছোঁয়াই নয়, এই অনবদ্য ইনিংসের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে ৪,০০০ রানের মাইলফলকও অতিক্রম করেছেন ফখর জামান। পাকিস্তানের ১৬তম ব্যাটার হিসেবে এই অর্জনে সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, জাভেদ মিঁয়াদাদ ও ইউনুস খানের মতো মহাতারকাদের তালিকায় যুক্ত হলেন তিনি।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৯৬টি ওয়ানডে ইনিংসে ফখরের সংগৃহীত মোট রান ৪,০১৯। ৯৩.৫৭ স্ট্রাইক রেট ও ৪৪.৬৫ গড়ে ঝুলিতে রয়েছে ১২টি শতক ও ১৯টি অর্ধশতক।