Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ধাক্কা বাংলাদেশের, যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে পরাজয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। এতদিন শীর্ষ দুইয়ে থেকে ফাইনাল খেলার যে স্বপ্ন বুনছিল টাইগাররা, তা বড় এক ধাক্কা খেয়েছে। এই হারের ফলে টেবিলের চার নম্বর অবস্থান হারিয়ে এখন পাঁচে নেমে গেছে দল।

দীর্ঘদিন ধরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুর্দান্ত পারফর্ম করে চার নম্বরে অবস্থান করছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক এই পরাজয়ের পর সমীকরণে বড় পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়া তাদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে এবং নিউজিল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে, বাংলাদেশের অবনমনের সুযোগে টেবিলের চার নম্বরে উঠে এসেছে ভারত। আর ক্যারিবীয়দের কাছে পরাজিত হয়ে বাংলাদেশ নেমে এসেছে পাঁচ নম্বরে।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর আত্মবিশ্বাসী টাইগাররা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। কিন্তু চার দিনে ম্যাচ হেরে যাওয়ায় এখন শুধু ফাইনাল নয়, বরং সিরিজ বাঁচানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামনে রয়েছে আরও পাঁচটি অত্যন্ত কঠিন ম্যাচ। এর মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিলেট টেস্ট, শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং সবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে আরও দুটি টেস্ট ম্যাচ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে এখন বাকি থাকা প্রতিটি ম্যাচেই জয়ের ধারা বজায় রাখতে হবে। বাকি থাকা পাঁচ ম্যাচের অন্তত চারটিতে জয় এবং একটিতে ড্র করতে হবে। কাজটা পাহাড়সম হলেও টাইগাররা ঘুরে দাঁড়াতে মরিয়া। অন্যদিকে বাংলাদেশের এই পয়েন্ট হারানোর ফলে ভারতীয় দলের ফাইনালের স্বপ্ন নতুন করে জোরদার হয়েছে।