Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

কিং ঝড়ে মিরপুর টেস্টে ৮ উইকেটে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্পিন ঘূর্ণি আর চরম দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে নিজেদের দুর্গকে টিকিয়ে রাখতে ব্যর্থ হলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের জন্য মাত্র ১৭০ রানের লক্ষ্য ছুড়ে দিলেও স্বাগতিক ব্যাটারদের আত্মঘাতী শট ও উইকেটে দীর্ঘক্ষণ টিকে থাকার অনীহা দলকে ডোবাল। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে অনায়াসেই লক্ষ্য পেরিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ক্যারিবিয়ানরা। ঘরের মাঠে টানা পাঁচ টেস্ট জয়ের দুর্দান্ত রথযাত্রা এখানেই থেমে গেল টাইগারদের।

শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান সংগ্রহ করার পর দারুণ বোলিংয়ে ক্যারিবিয়ানদের ২৪৫ রানে গুটিয়ে দিয়েছিল। ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড পাওয়ার পরও দ্বিতীয় ইনিংসে টাইগারদের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধসে পড়ে এবং মাত্র ১৪২ রানে গুটিয়ে যায়। ফলে জয়ের জন্য ১৭০ রানের সহজ লক্ষ্য পায় সফরকারীরা।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজ দেখান। মাত্র ১১ ওভারের ভেতর দলীয় অর্ধশতক পূর্ণ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেন তারা। শেষ পর্যন্ত ৩৫.১ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং  ১০ চার ও ১ ছক্কায় ১১৫ বলে ৮১ রান এবং হজ ২৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।এই জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণ বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন হয়ে গেল; ফাইনালে যেতে হলে বাকি থাকা পাঁচ ম্যাচের অন্তত চারটিতে জয় এবং একটিতে ড্র করতে হবে।

আগের দিন ৬ উইকেটে ৭৯ রান তুলে দিন শেষ করা বাংলাদেশ শনিবার সকালে চরম বিপর্যয়ের মুখে পড়ে। দিনের প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন জাকের আলি। তবে একপ্রান্তে বুক চিতিয়ে লড়ে যান নাঈম। ক্যারিবিয়ান স্পিনারদের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসের সাথে সুইপ শট খেলে তিনি রানের চাকা সচল রাখেন।

শেষ ব্যাটারদের নিয়ে নাঈম যোগ করেন মূল্যবান ৫৮ রান, যার মধ্যে তার একাই অবদান ৩৩ রান। হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের প্রত্যেকেই ছোট কিন্তু প্রয়োজনীয় অবদান রাখেন। নাঈমের কল্যাণেই শনিবার সকালে ১৯.৪ ওভার লড়াই করে শেষ ৪ উইকেটে আরও ৬৩ রান যোগ করতে সক্ষম হয় স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটার মিলেও করতে পেরেছেন মাত্র ২৭ রান, যা একাই ছাড়িয়ে গেছেন লোয়ার অর্ডারের নাঈম। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রস্টন চেইস ৩৬ রান খরচায় ৫টি এবং জোমেল ওয়ারিক্যান ৬৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।