Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা নেই মেসির, নেপথ্যে কী

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

মাঠে একটু ভুল হলেই হলুদ কার্ড। কিন্তু সেই কার্ডের হিসাব কখনো কখনো নিয়মের ফাঁকে কমে যায়। ঠিক তেমনই ঘটেছে লিওনেল মেসির ক্ষেত্রে। ইন্টার মিয়ামির আর্জেন্টাইন অধিনায়ক সাম্প্রতিক ম্যাচে পঞ্চম হলুদ কার্ড পেয়েছেন। তবুও তিনি আগামী ম্যাচে খেলতে পারবেন। কারণ মেজর লিগ সকারের (এমএলএস) এক বিশেষ শৃঙ্খলাবিধি তাঁকে রক্ষা করেছে।

বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৪৪তম মিনিটে স্যামুয়েল গিডির সঙ্গে ফাউলের পর রেফারি আরমান্দো ভিয়াররিয়াল মেসিকে হলুদ কার্ড দেখান। সিদ্ধান্তে সামান্য অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এই কার্ডটি তাঁর মৌসুমের পঞ্চম। এর আগে কলোরাডো র‍্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল এসসি ও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষেও হলুদ দেখেছিলেন বিশ্বকাপজয়ী তারকা।

সাধারণত পাঁচটি হলুদ কার্ড জমলে এক ম্যাচের নিষেধাজ্ঞা হয়। কিন্তু এমএলএসে রয়েছে ‘গুড বিহেভিয়ার ইনসেনটিভ’ বা সুআচরণ প্রণোদনা নামের নিয়ম। কোনো খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড, লাল কার্ড বা অন্য কোনো শাস্তি ছাড়া খেললে তাঁর জমা কার্ডের হিসাব থেকে একটি কার্ড বাদ দেওয়া হয়। পুরো নিয়মিত মৌসুমে এই সুবিধা সর্বোচ্চ তিনবার নেওয়া যায়।

মেসি ইতিমধ্যে দুবার এই সুবিধা পেয়েছেন। অরল্যান্ডো সিটির বিপক্ষে কার্ড দেখার পর ন্যাশভিলের আগে টানা পাঁচ ম্যাচ কার্ডবিহীন ছিলেন। পরে আটলান্টার বিপক্ষে কার্ড দেখার আগে কেটে যায় প্রায় দশ ম্যাচ। ফলে দুটি হলুদ কার্ড তাঁর হিসাব থেকে কেটে যায়। সিনসিনাটির ম্যাচে নতুন কার্ড পেলেও কার্যকর হিসাবে এখন তাঁর কাছে মাত্র তিনটি কার্ড রয়েছে। তাই নিষেধাজ্ঞার আওতায় পড়েননি তিনি।

এই নিয়মের ফলে আগামী রোববার নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে এমএলএসের নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে মেসি মাঠে নামতে পারবেন। ইন্টার মিয়ামির জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাঁর উপস্থিতি দলের জন্য বড় স্বস্তি।

এমএলএসের এই নিয়ম ২০১৭ সাল থেকে চালু আছে এবং সব খেলোয়াড়ের জন্যই প্রযোজ্য। এটি শুধু মেসির জন্য নয়, বরং মাঠে শৃঙ্খলা বজায় রাখা খেলোয়াড়দের পুরস্কৃত করার ব্যবস্থা।