স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম
৪ উইকেটে ১৩৪ রান নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আজ বাংলাদেশের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি। দিনের শুরুতেই তেজনারায়ণ চন্দরপল বিদায় নেন। এরপর জাস্টিন গ্রিভসও সাজঘরের পথ ধরেন। টাইগার স্পিনাররা ক্যারিবীয়দের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটারদের খুব একটা সুযোগ দেননি। ৬ উইকেট হারিয়ে মধ্যাহ্নবিরতিতে যাওয়া সফরকারীরা শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনের শুরুতেই অল আউট হয়েছে ২৪৫ রানে। স্বাগতিকরা তাই দ্বিতীয় ইনিংস শুরু করছে ২৭ রানে এগিয়ে থেকে।
তৃতীয় দিনের প্রথম সেশনের শুরুটা ওয়েস্ট ইন্ডিজ ভালো করেছিল। বাংলাদেশের বোলাররাও একই জায়গায় বল করতে পারেননি। এরইমধ্যে ফিফটি তুলে নেন চন্দরপল। তবে ৫৬ রানে শরীফুলের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন এই বাঁহাতি।
এরপর রোস্টন চেজ ও জাস্টিন গ্রিভস মিলে ভালোভাবে রান তুলতে থাকেন। দুজন মিলে ধীরে ধীরে দলের ইনিংস সামনের দিকে এগিয়ে নেন।
২৭ রানে থাকা রোস্টন চেজ একবার আউট হওয়ার হাত থেকে বেঁচে যান। শর্ট লেগে তাঁর ক্যাচ ছাড়েন মুমিনুল। তবে সকালের সেশন শেষ হওয়ার ঠিক আগে নাঈম আঘাত হানেন। জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান। চন্দরপলের সঙ্গে ৬৫ রানের জুটি গড়া গ্রিভস এরপর রোস্টন চেজকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ায় মনোযগ দিয়েছিলেন। এ জুটিতেও স্কোরবোর্ডে ওঠেছিল ৫১ রান। তবে নাইম হাসানের আঘাতে ভাঙে এ জুটি।
দলীয় ২১৩ রানে নাইমের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে বিদায় নেন গ্রিভস, সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ৪৬ রান।
লাঞ্চের পর দ্বিতীয় সেশনের শুরুটা বেশ ইতিবাচকভাবে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই সেশনের প্রথম ১৪ বলে ওয়েস্ট ইন্ডিজ চার মেরেছে চারটি। তবে জশুয়া বিশপকে ফিরিয়ে ছন্দ ভাঙেন মিরাজ। এরপর এক ওভারে দুই উইকেট নিয়ে নাইম ম্যাচেরর মোড় ঘুরিয়ে দেন। ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফ আর ষষ্ঠ বলে জোমেল ওয়ারিক্যানকে আউট করলেন নাঈম হাসান। জোসেফ নাঈমের শর্ট বলে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়েছেন। ওয়ারিক্যানও আউট হয়েছে শর্ট বলে, এলবিডব্লিউর শিকার হয়ে।
ক্যারিবীয়দের শেষ উইকেটটিও নেন নাইমই। তাঁর বলে মেহেদী মিরাজের হাতে ক্যাচ দিয়ে জেইডেন সিলস ফিরলে ২৪৫ রানেই থামে ক্যারিবীয়দের ইনিংস।