Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের ঠিক শেষ বলে ব্রেকথ্রু এনে দিয়েছেন অফস্পিনার নাঈম হাসান। জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে পাঠালে প্রথম সেশন শেষে ৬ উইকেটে ২১৩ রান তুলে মধ্যাহ্নবিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে তারা এখনো ৫৯ রানে পিছিয়ে রয়েছে।

১০৩ বলে ৪৬ রান করে ফিফটি মিসের আফসোস নিয়ে ফেরেন গ্রিভস। তাঁর এই বিদায়ে অধিনায়ক রোস্টন চেইসের সঙ্গে গড়ে ওঠা ৫১ রানের ষষ্ঠ উইকেট জুটির অবসান ঘটে।

এর আগে চেইস ২৭ রানে থাকা অবস্থায় নাঈমের বলেই শর্ট লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন, কিন্তু মুমিনুল হক তা তালুবন্দি করতে ব্যর্থ হওয়ায় বেঁচে যান এই ক্যারিবিয়ান অধিনায়ক। চেইস ৪২ বলে ৩০ রানে অপরাজিত আছেন।

শুক্রবার ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারীরা। লড়াকু ব্যাটিং চালিয়ে যাওয়া ত্যাজনারায়ণ চন্দরপল ১৮৪ বলে ৫৬ রান করে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি তুলে নেন। গ্রিভসের সঙ্গে পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলছিলেন তিনি। অবশেষে শরিফুল ইসলামের আউটসুইঙ্গারে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হয়ে চন্দরপল ফিরলে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে।