স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের সকালে ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফিরেছেন ত্যাজনারায়ণ চন্দরপল। ১৮৪ বলে ৫৬ রান করেন তিনি।
সাবেক উইন্ডিজ কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপলের মতো ধীরস্থির ও লড়াকু ব্যাটিংয়ের পথ ধরে ক্যারিয়ারের ৩০তম ইনিংসে তৃতীয় টেস্ট ফিফটি পূর্ণ করেন ত্যাজনারায়ণ। পঞ্চম উইকেটে জাস্টিন গ্রিভসের সঙ্গে ৬৫ রানের একটি দায়িত্বশীল জুটি গড়েন তিনি। ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার।
অবশেষে বিপজ্জনক হয়ে ওঠা এই জুটিতে ভাঙন ধরান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। শরিফুলের আউটসুইঙ্গারে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন চন্দরপল।
এর আগে ৩ উইকেটে ২১৩ রান থেকে প্রথম ইনিংসে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিনে তাইজুল ইসলামের জোড়া আঘাতে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে আজ শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ক্যারিবিয়ানরা।
এদিকে চন্দরপলের সঙ্গে ৬৫ রানের জুটি গড়া গ্রিভস এরপর রোস্টন চেজকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ায় মনোযগ দিয়েছিলেন। এ জুটিতেও স্কোরবোর্ডে ওঠেছিল ৫১ রান। তবে নাইম হাসানের আঘাতে ভাঙে এ জুটি।
দলীয় ২১৩ রানে নাইমের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে বিদায় নেন গ্রিভস, সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ৪৬ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান, পিছিয়ে আছে ৫৯ রানে।