Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

১৫ মিনিটে রোনালদোর হ্যাটট্রিকে আল নাসেরের বড় জয়

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম

সৌদি প্রো লিগে আল-খুলুদকে ৫-৩ গোলে হারিয়েছে আল-নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর ১৫ মিনিটের ঝড়ো হ্যাটট্রিকে এই বড় জয় পেয়েছে দলটি। বৃহস্পতিবারের এই পারফরম্যান্সের পর ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা থেকে আর মাত্র ১৫ গোল দূরে রয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচে রোনালদো ৬৬, ৭২ ও ৮১তম মিনিটে তিনটি গোল করেন। ফলে প্রথমার্ধের ২-২ ড্রয়ের অচলাবস্থা ভেঙে বড় জয় নিশ্চিত করে আল-নাসর। এই হ্যাটট্রিকের পর ৪১ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫টিতে। ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে থাকা রোনালদো তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির (৯৩৬ গোল) চেয়ে ৪৯ গোলে এগিয়ে আছেন।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, “অসাধারণ জয়, দলের দারুণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে সাহায্য করতে পেরে আনন্দিত!”

খেলার ১৬তম মিনিটে জুলিও ডমিঙ্গিসের গোলে শুরুতে এগিয়ে যায় আল-খুলুদ। ৮ মিনিট পর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে আল-নাসরকে সমতায় ফেরান। ৩৮ মিনিটে সাদিও মানে আল-নাসরকে এগিয়ে নিলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অ্যান্থনি এ সোম্বা গোল করলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেন রোনালদো। কাছ থেকে দুই গোল করার পর দুর্দান্ত এক হেডে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স রোনালদোর প্রথম দুটি গোলে অ্যাসিস্ট করেন এবং সাদিও মানের অবদান থেকে আসে তৃতীয় গোলটি। পরে পেনাল্টি থেকে ডমিঙ্গিস একটি গোল শোধ করলেও আল-নাসরের জয় আটকানো যায়নি।

এটি ক্লাবে ও জাতীয় দলে রোনালদোর ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক। তাঁর এই হ্যাটট্রিকগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল-নাসরের হয়ে ৭টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩টি এবং জুভেন্টাসের হয়ে ৩টি রয়েছে।

ম্যাচে ফেলিক্স একাই ৪টি অ্যাসিস্ট রেকর্ড করেন। এই জয়ের পর ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আল-নাসর।