Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ব্রুনোই থাকছেন ইউনাইটেডের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ মাইকেল ক্যারিক নিশ্চিত করেছেন যে ব্রুনো ফার্নান্দেস ক্লাবের প্রতি "পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ" এবং তিনি দলের অধিনায়ক হিসেবেই দায়িত্ব পালন করে যাবেন।

ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৪-১ ব্যবধানে হারের পর কোচের ট্যাকটিকস বা কৌশল নিয়ে প্রশ্ন তোলায় রবিবার বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলের হারের ম্যাচে ফার্নান্দেসকে বেঞ্চে রেখেছিলেন ক্যারিক। বোর্নমাউথের কাছে সেই হারের পর কোচের পদ নিয়ে তৈরি হয় সংশয়। তবে আগামী শনিবার চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্লাবের দায়িত্বে থাকছেন ৪৫ বছর বয়সী এই ইংলিশ কোচই।

শনিবারের একাদশে ফার্নান্দেস ফিরবেন কি না তা নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও, ক্লাবের ভবিষ্যৎ গতিপথ ঠিক করতে মঙ্গলবার ক্যারিংটন অনুশীলন গ্রাউন্ডে মুখোমুখি আলোচনা করে বিষয়টি সুরাহা করেছেন এই দুজন।

অধিনায়কত্ব ইস্যুতে ফার্নান্দেসকে সরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে ক্যারিক বলেন, "দল হিসেবে এবং ফুটবল ক্লাব হিসেবে আমাদের অবস্থান একদম পরিষ্কার। ব্রুনো এই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে আগে যেমন ছিল, ভবিষ্যতেও তেমনই থাকবে। আমাদের ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং সবকিছু সঠিক দিকে এগিয়ে নিতে হবে। এই ক্লাবের উন্নতির জন্য সে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ; এ নিয়ে কোনো দ্বিমত বা সমস্যা নেই।"

তিনি আরও যোগ করেন, "বোর্নমাউথ ম্যাচের সিদ্ধান্তটি কেবল ওই নির্দিষ্ট ম্যাচের কৌশলের ওপর ভিত্তি করেই নেওয়া হয়েছিল, এর বেশি কিছু নয়। সে বছরের পর বছর ধরে অনেক ম্যাচে দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিয়েছে এবং সামনেও তা চালিয়ে যাবে।"