Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

সাকিবকে মেন্টর করা নিয়ে ইয়ান বিশপ যা জানালেন 

স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

দীর্ঘ সময় ধরে জাতীয় দলে নেই সাকিব আল হাসান। বাংলাদেশের জার্সিতে তিনি সবশেষ খেলতে নেমেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এরপর রাজনৈতিক কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি। এদিকে সাবেক শীর্ষ অলরাউন্ডারের বয়সও থেমে নেই, আছেন ৪০-এর কোটায়, ফলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও সাকিবের জন্য কঠিন।  

এদিকে দেশসেরা এই ক্রিকেটারকে মেন্টর করা যায় কি না এমন প্রশ্ন করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপকে। জনপ্রিয় এই ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্যকারের কাজ করছেন। 

সাকিবকে মেন্টর করা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিব কেন এখানে নেই, সে বিষয়ে বিস্তারিত জানার মতো অবস্থানে আমি নেই। সংবাদমাধ্যমে যা পড়েছি, তার বাইরে বিষয়টির জটিলতা সম্পর্কে আমার জানা নেই। তাই এ নিয়ে মন্তব্য করতে চাই না।’

তবে নিজ দেশের সাবেক ক্রিকেটারদের উদাহরণ টেনে তাদের কাজে লাগানোর কথা বলেছেন বিশপ। তিনি বলেন, ‘ক্যারিবীয় অঞ্চলে ব্রায়ান লারা, কার্টলি অ্যামব্রোস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার ও গর্ডন গ্রিনিজের মতো কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন। ক্যারিবীয় ক্রিকেট যদি কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো কিংবা ড্যারেন স্যামির মতো ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে, তাহলে আমাদের ক্রিকেট আরও সমৃদ্ধ হবে। তারা জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পারেন, আবার স্কুলপর্যায়ের শিশুদেরও শেখাতে পারেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ক্রিকেটব্যবস্থাও শক্তিশালী হবে।’

তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে যারা অভিজ্ঞতা ও সাফল্য অর্জন করেছেন, তাদের জ্ঞান যেন হারিয়ে না যায়। বাংলাদেশেও এই ধারাটা অব্যাহত থাকবে বলে আশা করি। ক্যারিবীয় অঞ্চলেও আমরা সেটাই করার চেষ্টা করছি।’