Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

‘সাফল্যের লোভে সোনার ডিম দেওয়া হাঁসটিকে মেরে ফেলবেন না’

স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

তরুণ পেসার নাহিদ রানাকে বৈশ্বিক ক্রিকেটের উদীয়মান ‘সুপারস্টার’ আখ্যা দিয়ে তার ইনজুরি ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ।

বাংলাদেশ ক্রিকেটের পেস প্রতিভা নাহিদ রানাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত মন্তব্য করেন এই ক্যারিবীয় কিংবদন্তি। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ এবং সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফর মিস করা রানার বিষয়ে বিশপ বলেন, “আমি বিশ্বাস করি নাহিদ বিশ্ব ক্রিকেটের সম্ভাবনাময় তারকাদের একজন। বর্তমান বিশ্ব ক্রিকেটে যেসব উদীয়মান তরুণ পেসার উঠে আসছে, নাহিদ তাদের বেশিরভাগেরই সমান গতিতে কিংবা তাদের চেয়েও বেশি গতিতে বল করতে পারে।”

দ্রুতগতির বোলারদের ওপর শারীরিক চাপের কথা স্মরণ করিয়ে দিয়ে রানাকে চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই তাড়াহুড়ো করে মাঠে নামানোর বিপক্ষে সতর্ক করেন বিশপ। “বিশ্বের প্রতিটি দলই একজন নাহিদ রানাকে দলে পেতে চায়। তাই তাকে ফিট রাখুন। তাৎক্ষণিক সাফল্যের লোভে সোনার ডিম দেওয়া হাঁসটিকে মেরে ফেলবেন না,” মন্তব্য বিশপের।

তরুণ এই পেসারের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতে বিসিবিকে দীর্ঘমেয়াদী স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং এবং উন্নত চিকিৎসা সুবিধায় জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

তবে বাংলাদেশের পেস আক্রমণের সার্বিক উন্নতির কৃতিত্ব এককভাবে রানাকে না দিয়ে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদদের অবদানের কথাও তুলে ধরেন বিশপ। দেশের বাইরের মাটিতে ম্যাচ জেতার উপযোগী পেস আক্রমণ গড়ে তোলার বিসিবির এই প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান।

ভবিষ্যতে তাসকিন ও হাসানের পাশাপাশি রানাকে আবার একসঙ্গে বল করতে দেখার আশাবাদ ব্যক্ত করে বিশপ বলেন, “তার মধ্যে বৈশ্বিক অল-টাইম সুপারস্টার হওয়ার সব সম্ভাবনা রয়েছে। সে তা বাস্তবায়ন করতে পারবে কি না, সময় তা বলে দেবে।”