Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

গাজার শিশুদের জন্য তহবিল সংগ্রহ হামজার

স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর লড়াইয়ে তিনি পরিচিত মুখ। তবে এবার ফুটবলারের চৌহদ্দি ছাড়িয়ে এক অন্য লড়াইয়ে নেমেছেন হামজা চৌধুরী। যুদ্ধবিধ্বস্ত গাজার গুরুতর অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে ও জীবন বাঁচাতে তহবিল সংগ্রহ করেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার। নিজের একক উদ্যোগে তিনি সংগ্রহ করেছেন ১ লাখ পাউন্ডের বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।

গত কয়েক সপ্তাহ ধরে চলা এই মানবিক উদ্যোগে হামজার পাশে ছায়ার মতো ছিল ‘নুজুম স্পোর্টস’ নামের একটি প্রতিষ্ঠান। তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নিরলস পরিশ্রমে এই বিশাল অংকের অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে।

hamza_gaza_

সংগৃহীত এই পুরো অর্থ জমা দেওয়া হবে গাজায় জরুরি মানবিক সহায়তা নিয়ে কাজ করা সংস্থা ‘চিলড্রেন নট নাম্বার্স’-এর তহবিলে। যুদ্ধাহত ও গুরুতর অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যবহার করা হবে এই অর্থ।

অল্প সময়ে এমন বড় সাফল্য পাওয়ায় স্বস্তি প্রকাশ করলেও হামজার মন পড়ে আছে ফিলিস্তিনি শিশুদের দুঃখ-কষ্টের গভীরে। তাঁর মতে, গাজার শিশুদের সার্বিক দুর্ভোগের তুলনায় এই সাহায্য অত্যন্ত নগণ্য। 

মানবতার টানে করা এই প্রচেষ্টার শেষ পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামজা ফিলিস্তিনের মানুষের জন্য গভীর প্রার্থনা জানান। তাদের কষ্ট লাঘব, মানসিক শক্তি ও ধৈর্য কামনার পাশাপাশি ফিলিস্তিনে স্থায়ী শান্তির আশাও ব্যক্ত করেন ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলার।