স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম
অ্যাথলেটিকো মাদ্রিদকে না জানিয়ে তাদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের সঙ্গে যোগাযোগের দায়ে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা করেছে।
গ্রীষ্মকালীন দলবদল চলাকালীন এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভিড়ানোর চেষ্টা করেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে অ্যাথলেটিকো অভিযোগ করে যে বার্সেলোনা অনুমতি ছাড়াই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা বিষয়টি আরএফইএফ ও ফিফার কাছে রিপোর্ট করে।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা এই শাস্তির বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
ফিফা সিদ্ধান্ত নেয় যে বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে আরএফইএফ অভিযোগ তদন্ত করে জানতে পারে, বার্সেলোনা অ্যাথলেটিকোকে জানানোর আগেই আলভারেজের এজেন্ট ফের্নান্দো হিদালগোর সঙ্গে যোগাযোগ করেছিল। তদন্তে দেখা যায়, হিদালগো ১৫ মে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে কথা বলেন। আর বার্সেলোনা অ্যাথলেটিকোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে ২৮ মে।
আরএফইএফ রায় দেয় যে বার্সেলোনা তাদের নিয়ম ভেঙেছে। তবে শৃঙ্খলামূলক কোডের ৯৩ নম্বর ধারার অধীনে এটিকে গুরুতর অপরাধ না ধরে ১৩ নম্বর ধারার অধীনে লঘুপাপ হিসেবে বিবেচনা করা হয়েছে। গ্রীষ্মকালীন দলবদলে আলভারেজের জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু অ্যাথলেটিকো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
অ্যাথলেটিকোর প্রধান নির্বাহী মিগেল আনহেল হিল মারিনও স্পষ্ট করে জানিয়ে দেন যে লা লিগায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে এই স্ট্রাইকারকে বিক্রি করার কোনো ইচ্ছা তাদের নেই। রিয়াল মাদ্রিদও আলভারেজকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল এবং বলা হচ্ছে তারা ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। এছাড়া আর্সেনাল ও প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি) এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে সই করাতে আগ্রহী ছিল।
এর আগে আলভারেজ নিজেও অ্যাথলেটিকো ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিশ্বকাপের সময় তিনি ইএসপিএনকে বলেছিলেন যে, দলবদলটি সংশ্লিষ্ট সবার জন্যই লাভজনক হতে পারে। তার এই মন্তব্য মৌসুমের শুরুতে অ্যাথলেটিকো সমর্থকদের ক্ষুব্ধ করে তোলে। তবে পরে এই স্ট্রাইকার ক্ষমা চান এবং সমর্থকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পান।