Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

‘ম্যানইউ ফুটবলারদের পেছনে আতশবাজি ফাটানো দরকার’

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

বোর্নমাউথের কাছে ৩-০ গোলের শোচনীয় হারের পর পয়েন্ট তালিকার ১৬ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের তীব্র সমালোচনা করেছেন ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি। বর্তমান দলটির ফুটবলারদের মানসিকতা ও নিবেদন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, খেলোয়াড়দের পেছনে "বাজি ফোটানো" দরকার, যাতে তারা বুঝতে পারে এই ক্লাবের জার্সি গায়ে খেলার আসল অর্থ কী।

ডিজনি প্লাসের 'স্টিক টু ইউনাইটেড' পডকাস্টে কথা বলতে গিয়ে রুনি বলেন, "খেলোয়াড়দের কোনো অজুহাত দেওয়ার জায়গা নেই। তারা মাঠে যে পারফরম্যান্স দিচ্ছে, তা মোটেও ঠিক নয়।" গ্যালারিতে সমর্থকদের চোখে-মুখে যন্ত্রণা ও ক্ষোভ স্পষ্ট থাকার পরও খেলোয়াড়দের মাঠে হেঁটে বেড়ানো নিয়ে তিনি বলেন, "আমি গ্যালারির দিকে তাকিয়েছি- সমর্থকদের চোখে-মুখে কষ্ট আর ক্ষোভ স্পষ্ট ছিল, অথচ খেলোয়াড়রা মাঠে হেঁটে বেড়াচ্ছে।"

নিজের খেলার দিনের কথা স্মরণ করে রুনি আরও যোগ করেন, "আমার হয়তো গোল করার ক্ষমতা ছিল, সামর্থ্য ছিল; কিন্তু অন্ততপক্ষে আমি দৌড়াতাম এবং দলের জন্য সর্বস্ব উজাড় করে দিতাম। এই খেলোয়াড়রা তা করছে না। আমার খুব ইচ্ছে করছে ওই ড্রেসিংরুমে ঢুকে বলি, 'তোমরা এসব কী করছ? এ কেমন পারফরম্যান্স? তোমরা কি সত্যি মনে করো যে এই জার্সি পরার যোগ্যতা তোমাদের আছে?' ওদের পেছনে একটা বাজি ফোটানো দরকার, কারণ তারা কিছুই করছে না।"

বর্তমান দলটির মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে রুনি বলেন, "এই স্কোয়াড প্রিমিয়ার লিগের লড়াই থেকে একেবারে কয়েক মিলিয়ন মাইল দূরে রয়েছে। বড় জোর এটি একটি মধ্যসারির দল।" এছাড়া কোচ মাইকেল ক্যারিক প্রসঙ্গে তিনি বলেন, "মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর দল গত মৌসুমে কোনোভাবে তিনে থেকে শেষ করায় বোর্ড ও খেলোয়াড়রা হয়তো ভেবেছে আমরা বুঝি শীর্ষ চারের দল, যা আসলে এক প্রকার দিবাস্বপ্ন।"