Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ইংরেজ ক্রিকেটারের সঙ্গে তর্কে জড়িয়ে আইসিসির শাস্তি পেলেন হারিস রউফ

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

রোববার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্ট বা আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। একই সাথে স্লো ওভার-রেটের কারণে শাস্তি পেয়েছে ইংল্যান্ড দলও।

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন ‘খেলার চেতনার পরিপন্থী আচরণ’ প্রদর্শনের দায়ে আচরণবিধির ধারা ২.২০ ভঙ্গের দায়ে অভিযুক্ত হন হারিস।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভারের শেষ বলের ঠিক পরপর। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা হারিস একটি ওয়াইড বলের জন্য জোরালো আবেদন করেন এবং এরপর ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি নিজের ব্যাট উঁচিয়ে ধরেন এবং ফিল্ড আম্পায়ার শারাফুদ্দৌলা ইবনে শহীদের সতর্কবার্তা উপেক্ষা করে তার পাশ দিয়ে হেঁটে গিয়ে জ্যাকসের সাথে তর্ক চালিয়ে যান।

এই অপরাধের ফলে হারিসের শৃঙ্খলা রেকর্ডে নতুন করে ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার তৃতীয় অপরাধ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট এখন দাঁড়িয়েছে পাঁচে।

অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে ব্যর্থ হওয়ায় জরিমানা গুণতে হচ্ছে ইংল্যান্ড দলকেও। ম্যাচ রেফারি ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনায় নেওয়ার পরও নির্ধারিত সময়ের চেয়ে ৩ ওভার কম বোলিং করায় ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতিটি ওভার কম বোলিং করার জন্য ৫ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা করা হয়ে থাকে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তি হারিস রউফ এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক—উভয় পক্ষই মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচটিতে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন রশিদ রিয়াজ ও শারাফুদ্দৌলা, থার্ড আম্পায়ার ছিলেন ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন নাসির হোসেন।