Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ব্যালন ডি’অর জয়ের পর এবার ‘স্যার’ হতে চলেছেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পিএম

দীর্ঘ আড়াই দশকের দীর্ঘশ্বাস গুচিয়ে অবশেষে ইংল্যান্ডের ফুটবলে আনন্দের জোয়ার এনে দিয়েছেন হ্যারি কেইন। সোমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্রেঞ্চ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর’ নিজের করে নিয়েছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর এই প্রথম কোনো ইংলিশ ফুটবলার ফুটবলের সবচেয়ে সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরলেন। ক্লাব বায়ার্ন মিউনিখ এবং জাতীয় দলের জার্সিতে তাঁর অবিশ্বাস্য ফর্মই তাঁকে এনে দিয়েছে এই ঐতিহাসিক সাফল্য।

গত মৌসুমে ক্লাব ও দেশ মিলিয়ে ৬৫ ম্যাচে অবিশ্বাস্য ৭৩ গোল করেছেন ৩৩ বছর বয়সী কেইন। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা, ডিএফবি পোকাল ও সুপারকাপ জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে ২০২৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে তাঁর এই মুকুট জয় ব্রিটিশ ফুটবলে নতুন এক যুগের সূচনা করেছে।

কেইনের এই অভাবনীয় সাফল্যের পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। তবে কি এবার ব্রিটেনের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘নাইটহুড’ পেতে চলেছেন ইংলিশ দলপতি?

মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কেইনকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। ১৯৫৬ সালে স্যার স্ট্যানলি ম্যাথুসের প্রথম ব্যালন ডি’অর জয়ের ঠিক ৭০ বছর পর কেইনের এই অর্জনকে দেশের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে প্রশাসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র কেইনের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করে জানান, ইংলিশ ফুটবলে তাঁর অবদান দেশের তরুণ প্রজন্মকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। তবে নাইটহুড প্রদানের বিষয়ে সরাসরি কোনো ঘোষণা না দিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, সম্মাননা দেওয়ার নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রিটেনের সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনে নাইটহুড অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি, যা পেলে নামের আগে ‘স্যার’ উপাধি যুক্ত হয়। অতীতে স্ট্যানলি ম্যাথুস এবং ববি চার্লটনের মতো কিংবদন্তিরা এই সম্মান পেলেও কেভিন কিগান বা মাইকেল ওয়েনের মতো তারকারা তা পাননি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ডেভিড বেকহাম ও গ্যারেথ সাউথগেটের মতো ব্যক্তিত্বদের নাইটহুড পাওয়ার ইতিহাস কেইনের সম্ভাবনার দুয়ার আরও প্রশস্ত করেছে।

যদিও নাইটহুড পাওয়ার জন্য সাধারণত দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার বা অবসরের পর্যায় পর্যন্ত অপেক্ষা করতে হয়, তবুও ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন যেভাবে নিজের মুকুটে একের পর এক সাফল্যের ফলক যুক্ত করে চলেছেন, তাতে তাঁর নামের আগে খুব দ্রুতই ‘স্যার’ উপাধি যুক্ত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।