Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

বড় শাস্তির মুখে নেইমার, শেষ হতে পারে বাকি মৌসুম

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

মাঠে উত্তপ্ত বাক্যবিনিময় আর মুখে হাত ঢাকা নিয়ে সৃষ্ট রহস্যময় এক লাল কার্ড বড় বিপদে ফেলতে পারে নেইমার জুনিয়রকে। ব্রাজিলিয়ান সিরি আ-তে সান্তোসের এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে এখন ডিসিপ্লিনারি শুনানির মুখোমুখি হতে হচ্ছে। বাহিয়ার বিপক্ষে ম্যাচে ঘটা সেই অনভিপ্রেত ঘটনার জেরে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেলে চলতি মৌসুমেই হয়তো আর মাঠে নামা হবে না তাঁর।

ব্রাজিলের ফুটবল অঙ্গনে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বাহিয়ার সঙ্গে ১-১ ড্র হওয়া ম্যাচের একটি অনাকাঙ্ক্ষিত লাল কার্ডের জেরে ৩৪ বছর বয়সী এই তারকা এখন বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। আজই ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অফ স্পোর্টস জাস্টিসে নেইমারের বিরুদ্ধে ওঠা শৃঙ্খলাভঙ্গের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে ম্যাচের প্রথমার্ধে একটি সংঘর্ষে জড়িয়েছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধ শুরুর আগেও সেই কথার লড়াই থামেনি। উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে নেইমার প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সময় নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এর সাহায্য নিয়ে মাঠের রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও তাঁকে লাল কার্ড দেখান। তবে ভিএআর অফিশিয়ালরা জানিয়েছেন, নেইমার মুখ ঢাকা অবস্থায় ঠিক কী বলেছিলেন, তা পুরোপুরি স্পষ্ট ছিল না।

ম্যাচ শেষে রদ্রিগো নেস্তর অভিযোগ করেন যে, নেইমার তাঁকে এবং তাঁর ক্লাবকে লক্ষ্য করে অত্যন্ত অসম্মানজনক ও ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেছেন। যদিও নেস্তর নির্দিষ্ট কোনো শব্দ বা গালির কথা প্রকাশ করতে রাজি হননি।

অন্যদিকে প্রতিপক্ষকে কোনো অপমানজনক কথা বলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন নেইমার। তবে তিনি স্বীকার করেন যে, ওই পরিস্থিতিতে মুখ ঢাকাটা তাঁর একটি বড় ভুল ছিল। উল্টো নেস্টরের আচরণ নিয়ে প্রশ্ন তুলে নেইমারের দাবি, তাঁকে মাঠ থেকে তাড়ানোর উদ্দেশ্যেই প্রতিপক্ষ খেলোয়াড় এই পরিস্থিতি তৈরি করেছিলেন। এই ঘটনার পর বাহিয়া ক্লাব থেকেও একটি নিন্দা বিবৃতি প্রকাশ করা হয়েছে।

স্বয়ংক্রিয় লাল কার্ডের শাস্তি এবং পূর্বে জমে থাকা হলুদ কার্ডের খেসারত হিসেবে নেইমারের ইতিমধ্যে দুটি ম্যাচ মিস করা নিশ্চিত হয়ে গেছে। বর্তমানে ব্রাজিলিয়ান সিরি আ লিগে সান্তোসের আর মাত্র ছয়টি ম্যাচ বাকি রয়েছে। পয়েন্ট টেবিলে দলটি অষ্টম স্থানে অবস্থান করায় রেলিগেশন থেকে নিরাপদ দূরত্বে থাকলেও, শৃঙ্খলার বরখেলাপের দায়ে যদি সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞা আসে; তবে তা নেইমারকে এই মৌসুমের পুরোটা সময়ই মাঠের বাইরে রাখবে।