Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

কেইন ছাড়াও ইংল্যান্ডের যে চার ফুটবলার ব্যালন ডি’অর জিতেছেন

স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

২০০১ সালে মাইকেল ওয়েনের ঐতিহাসিক অর্জনের দীর্ঘ ২৫ বছর পর আবারও ব্যালন ডি’অর জিতল ইংল্যান্ড। লন্ডনে অনুষ্ঠিত জমকালো এক আয়োজনে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ‘ব্যালন ডি’অর’ নিজের করে নিয়েছেন থ্রি লয়নস অধিনায়ক হ্যারি কেইন।

৩৩ বছর বয়সী বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার কেইন এই পুরস্কার অর্জনকারী ইংল্যান্ডের পঞ্চম খেলোয়াড়। এর আগে ইংলিশদের হয়ে এই অনন্য কীর্তি গড়েছিলেন স্যার স্ট্যানলি ম্যাথিউস (১৯৫৬), স্যার ববি চার্লটন (১৯৬৬), কেভিন কিগান (১৯৭৮ ও ১৯৭৯) এবং মাইকেল ওয়েন (২০০১)।

১৯৫৬ সালে শুরু হওয়া এই সম্মানজনক পুরস্কারের ইতিহাসে থ্রি লায়নদের হয়ে সোনালী ট্রফি উঁচিয়ে ধরা সেই পাঁচ মহাতারকার গল্প তুলে ধরা হলো:

১. স্যার স্ট্যানলি ম্যাথিউস (১৯৫৬)
ইউরোপীয় বর্ষসেরা ফুটবলারের খেতাব হিসেবে ১৯৫৬ সালে যখন প্রথম ব্যালন ডি'অর চালু হয়, তখন ইতিহাসের প্রথম বিজয়ী হিসেবে নাম লেখান স্যার স্ট্যানলি ম্যাথিউস। ব্লাকপুলের হয়ে খেলার সময় রিয়াল মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো ও রেমন্ড কোপাকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন তিনি। ডান উইঙে অসাধারণ ড্রিবলিং ও নিখুঁত ক্রসিংয়ের জন্য খ্যাত ম্যাথিউসের হাত ধরে সেবার ফার্স্ট ডিভিশনে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছিল ব্লাকপুল। ৪১ বছর বয়সে এই ট্রফি জিতে ইতিহাস সর্বকালের বয়স্কতম ব্যালন ডি’অর বিজয়ীর রেকর্ডটি এখনও নিজের দখলে রেখেছেন তিনি।

২. স্যার ববি চার্লটন (১৯৬৬)
ইংল্যান্ডের ফুটবলের সবচেয়ে স্মরণীয় বছর ১৯৬৬। ঘরের মাঠে থ্রি লায়নদের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান রেখে সে বছর ব্যালন ডি'অর নিজের করে নেন স্যার ববি চার্লটন। টুর্নামেন্টে তিনি ৩টি গোল করেছিলেন, যার মধ্যে পর্তুগালের বিপক্ষে সেমিফাইনালে ২-১ ব্যবধানের জয়ের জোড়া গোলটি অন্যতম। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে ইংল্যান্ডের ট্রফি উঁচিয়ে ধরার পথে টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নিয়েছিলেন এই কিংবদন্তি।

20220411_952_bobby_jack_charlton

৩. কেভিন কিগান (১৯৭৮ ও ১৯৭৯)
১৯৭৮ সালে জার্মান ক্লাব হামবুর্গের হয়ে খেলে ব্যালন ডি'অর জেতেন কেভিন কিগান। এরপর ১৯৭৯ সালে হামবুর্গকে ১৯৬০ সালের পর প্রথম বুন্দেসলিগা শিরোপা জেতাতে অবদান রেখে টানা দ্বিতীয়বারের মতো এই ট্রফি নিজের করে নেন তিনি। সেবার লিগে ১৭টি গোল করেছিলেন কিগান, যার মধ্যে শেষ ১২ ম্যাচেই এসেছিল ১১টি গোল। টানা দুই বছর ব্যালন ডি'অর জেতা একমাত্র ইংলিশ ফুটবলার এখনও পর্যন্ত তিনিই।

20261026_Kevin_Keegan_952

৪. মাইকেল ওয়েন (২০০১)
লিভারপুলের হয়ে এক মৌসুমে পাঁচটি বড় ট্রফি জেতার অবিস্মরণীয় কীর্তি গড়ে ২০০১ সালে ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেন মাইকেল ওয়েন। অলরেডদের ট্রেবল জয়ের মৌসুমে এফএ কাপের ফাইনালে আর্সেনালের বিরুদ্ধে শেষ ১০ মিনিটে দুই গোল করে দলকে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন তিনি। এছাড়া একই মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে মিউনিখে জার্মানির বিরুদ্ধে ৫-১ ব্যবধানের ঐতিহাসিক জয়ে অসাধারণ এক হ্যাটট্রিক করেছিলেন ওয়েন। রিয়াল মাদ্রিদের রাউল ও জার্মানির অলিভার কানকে পেছনে ফেলে প্রথম লিভারপুল তারকা হিসেবে এই খেতাব জেতেন তিনি।

that-season-put-liverpool-back-on-the-european-map-v0-QlaGi8bfMcBlM5oXvwzYZZxYyOcCd-IgfTFxXy_bDgo

৫. হ্যারি কেইন (২০২৬)
মাইকেল ওয়েনের ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অরের ৭০তম আসরে বিশ্বসেরার মুকুট মাথায় পরেন হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে অবিশ্বাস্য ৭৩টি গোল করেন থ্রি লায়নদের অধিনায়ক- যার মধ্যে ৬১টি বায়ার্ন মিউনিখের হয়ে এবং ১২টি ইংল্যান্ডের হয়ে। তার নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ জিতেছে বুন্দেসলিগা, ডিএফবি-পোখাল ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপার কাপ। ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হয়ে নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম কাটানো কেইনের হাত ধরেই ২০২৬ বিশ্বকাপে তৃতীয় স্থানে থেকে অভিযান শেষ করে ইংল্যান্ড।