স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম
বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর-এর ৭০তম সংস্করণের জমকালো আসর সোমবার লন্ডনের বিখ্যাত ‘লন্ডন প্যালাডিয়াম’-এ আয়োজিত হতে যাচ্ছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ পুরুষ ক্যাটাগরির বিশ্বসেরা ফুটবলারের খেতাব।
১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসের প্রতি শ্রদ্ধা জানিয়েই এবারের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে লন্ডনকে। ফলে দীর্ঘ ২৫ বছর পর প্রথম কোনো ইংলিশ ফুটবলার হিসেবে বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইনের হাতে এই ট্রফি ওঠার সম্ভাবনাকে ঘিরে স্বাগতিক দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা কাজ করছে।
এবারের আসরে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিহত পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল এবং কিলিয়ান এমবাপে। মাঠে ব্যক্তিগত অবদানে তিনজনই এগিয়ে আছেন। তবে দলীয় অর্জনও এই পুরস্কার জয়ের ক্ষেত্রে রাখতে পারে বড় অবদান। শেষ পর্যন্ত তাই কে জিতবেন সর্বোচ্চ খেতাব, তা নিয়ে সমর্থকদের মনে আগ্রহ এখন তুঙ্গে। এমবাপে-ইয়ামাল শক্ত দাবিদার হলেও অবিশ্বাস্য এক মৌসুম কাটানো কেইনই এবার পুরস্কার জিতবেন বলে ধারণা করছেন অনেকেই।
হ্যারি কেইন (ইংল্যান্ড / বায়ার্ন মিউনিখ): গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে অবিশ্বাস্য ৭৩টি গোল করেছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। বায়ার্নকে ঘরোয়া জোড়া ট্রফি জেতানোর পাশাপাশি ইংল্যান্ডকে নিয়ে গেছেন বিশ্বকাপের সেমিফাইনালে।
নিজের ক্যারিয়ারের এই সম্ভাব্য অর্জন নিয়ে কেইন বলেন, "এমন কিছু অর্জন করতে পারলে তা আমার জন্য দারুণ ব্যাপার হবে। এটি আমার ক্যারিয়ারের একটি বিশাল মাইলফলক হয়ে থাকবে।" তবে চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া তার জয়ের দৌড়ে কিছুটা সংশয় তৈরি করেছে।
লামিনে ইয়ামাল (স্পেন / বার্সেলোনা): গত বছর উসমান দেম্বেলের পেছনে থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন ১৯ বছর বয়সী এই বিস্ময় বালক। এই মৌসুমে নিজেকে পৃথিবীর কিলিয়ান এমবাপের সঙ্গে সেরা দুজনের একজন হিসেবে সরাসরি দাবি করেছেন তিনি। তবে চোটের কারণে মৌসুমের শেষদিকে মাঠের বাইরে থাকা তার ভোটে প্রভাব ফেলতে পারে।
ইয়ামাল বলেন, "আমার মতে, এমবাপে আর আমি- আমরা দুজনই বর্তমান বিশ্বের সেরা দুই খেলোয়াড়।" "আমি সত্যি এটাই মনে করি যে, বিশ্বের সেরা হিসেবে হয়তো আমরা দুজনই আছি, আর আমি যা কিছু জয় করেছি, সেই বিচারে এই বছর পুরস্কারটি আমারই প্রাপ্য।"
কিলিয়ান এমবাপে (ফ্রান্স / রিয়াল মাদ্রিদ): দলীয় ট্রফি জয় না করলেও ব্যক্তিগত পরিসংখ্যানে অন্য সবাইকে ছাড়িয়ে গেছেন ফরাসি মহাতারকা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি। বিশ্বকাপে মোট ২২ গোল করে প্রতিযোগিতার সর্বকালের সেরা গোলদাতার রেকর্ডও গড়েছেন এমবাপে।
তিনি বলেন, "বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এবং ফুটবলের ইতিহাসের সমস্ত মহান কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়া- সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে সত্যিই দারুণ এক ব্যাপার।" ব্যক্তিগত এই শিরোপা জয়ের দৌড়েও তাই নিজেকেই ভোট দিচ্ছেন ফরাসি এই মহাতারকা।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের একজন করে মনোনীত ক্রীড়া সাংবাদিক এই পুরস্কারের জন্য ভোট প্রদান করেছেন। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে প্রতিটি সাংবাদিক তাদের সেরা ১০ জন খেলোয়াড়কে বেছে নেন, যেখানে ১ম স্থান অর্জনকারী পান ১৫ পয়েন্ট। সর্বাধিক পয়েন্ট পাওয়া ফুটবলারের হাতে উঠবে কাঙ্ক্ষিত এই ট্রফি। আর্থিক পুরস্কার না থাকলেও এই খেতাব একজন ফুটবলারের ক্যারিয়ার ও বাণিজ্যিক মূল্যে বড় ধরনের প্রভাব ফেলে।