স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পিএম
মাঠের বাইরে কাটানো লম্বা সময়টা যেন শেষ হচ্ছিল না তানজিম হাসান সাকিবের। চোটের থাবায় জাতীয় দল তো বটেই, ঘরোয়া ক্রিকেট থেকেও দূরে থাকা এই পেস বোলিং অলরাউন্ডার বড় এক ধাক্কা খেলেন এবার। সদ্য সমাপ্ত ডি থ্রি ট্রফির প্লেয়ার্স ড্রাফটে 'বি' ক্যাটাগরিতে থাকা তানজিমকে কোনো ফ্র্যাঞ্চাইজিই দলে টানেনি। ইনজুরির ধাক্কায় এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলো তরুণ এই পেসারকে।
রোমাঞ্চকর এই ড্রাফটে দল পাওয়ার দৌড়ে অবশ্য অনেকেই তাক লাগিয়েছেন। ড্রাফটে বেশ চড়া দাম উঠেছে জাতীয় দলের তারকা ও পরিচিত মুখগুলোর। 'বি' ক্যাটাগরি থেকে ১ কোটি ২ লাখ পয়েন্টে সাব্বির রহমানকে দলে নিয়েছে ফরচুন। সমান ১ কোটি ২ লাখ পয়েন্টে একমিতে নাম লিখিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন ও মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া ৬৯ লাখ পয়েন্টে মোহাম্মদ সাইফউদ্দিন ও ৭২ লাখ পয়েন্টে তানভির ইসলামকেও নিজেদের বহরে ভিড়িয়েছে ফরচুন।
অন্যান্য দলের মধ্যে সেভেন রিংস সিমেন্টে যোগ দিয়েছেন জাকির হাসান (৯৯ লাখ), শামীম পাটোয়ারী (৯৩ লাখ), সাদমান ইসলাম অনিক (৪5 লাখ), ইবাদত হোসেন চৌধুরী (৭২ লাখ), তাইজুল ইসলাম (৮০ লাখ) এবং মোহাম্মদ মিঠুন (৬৯ লাখ)। ব্লুস্টার দলে ভিড়িয়েছে মাহমুদুল হাসান জয়কে (৮৭ লাখ)। সিটিজেনস ব্যাংকে নাম লিখিয়েছেন হাসান মুরাদ (৪৫ লাখ) ও ইয়াসির আলী (৮৭ লাখ)। একমি দলে ভিড়িয়েছে পারভেজ হোসেন ইমনকে (১ কোটি ২৩ লাখ), মোহাম্মদ রুবেলকে (১ কোটি ১৪ লাখ), নাসুম আহমেদকে (৬৯ লাখ), রাকিবুল হাসানকে (৮৪ লাখ) ও শাহাদাত হোসেন দিপুকে (৬৬ লাখ)।
এর আগে 'এ' ক্যাটাগরি থেকে বড় চমক দেখান শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। সিটিজেনস ব্যাংক শরিফুলকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে এবং ওয়ালটন তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনে নেয়। 'এ' ক্যাটাগরিতে তাসকিনের আগে সর্বোচ্চ ২ কোটি পয়েন্ট ওঠে তামিম ইকবালের নামে। এছাড়া শান্ত ১.৫৫ কোটি পয়েন্টে এবং রিশাদ হোসেন ও সৌম্য সরকার ৭৫ লাখ পয়েন্ট করে ফরচুনে জায়গা পান। শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে সবার আগে দলে নেয় ব্লুস্টার।
উল্লেখ্য, ২৭৫ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা নিয়ে অনুষ্ঠিত হয় এবারের ডি থ্রি টুর্নামেন্টের ড্রাফট। এই টুর্নামেন্টে 'এ' ক্যাটাগরিতে ২২ জন, 'বি' ক্যাটাগরিতে ২৫ জন, 'সি' ক্যাটাগরিতে ৭০ জন, 'ডি' ক্যাটাগরিতে ৫২ জন এবং 'ই' ক্যাটাগরিতে ১১২ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া ড্রাফটের আগেই ৬ জন আইকন ক্রিকেটারের দল চূড়ান্ত করা হয়েছিল। মোসাদ্দেক হোসেন সৈকত (একমি), নাঈম শেখ (সিটিজেনস ব্যাংক), মুশফিকুর রহিম (সেভেন রিংস সিমেন্ট), নুরুল হাসান সোহান (ব্লুস্টার), তাওহীদ হৃদয় (ফরচুন) এবং মেহেদী হাসান মিরাজ (ওয়ালটন)। এই ছয় তারকা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির আইকন হিসেবে খেলবেন।