Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

সিরিজ শুরুর আগে টাইগারদের হুঁশিয়ারি ওয়েস্ট ইন্ডিজ কোচের

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে থাকলেও আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ কোনো বাড়তি সুবিধা পাবে না বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। তার মতে, পয়েন্ট টেবিলে ব্যবধান যাই থাক না কেন, জয়ের ক্ষুধা এবং চ্যালেঞ্জ দুই দলের জন্যই সমান।

আগামী বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট। ডাব্লিউটিসি ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই সিরিজটি টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করে টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

তবে ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজও এই সিরিজ নিয়ে বেশ উচ্চাকাঙ্ক্ষী এবং ডাব্লিউটিসির চলতি চক্রটি ইতিবাচকভাবে শেষ করাই তাদের মূল লক্ষ্য।

সোমবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্যামি বলেন, "আমার মনে হয় দু'দলের জন্যই এখানে জেতার তাগিদ সমান। প্রত্যেকেই তো টেস্ট ম্যাচ জিততেই মাঠে নামে। ডাব্লিউটিসি চক্র যখন শুরু হয়েছিল, তখন আমাদেরও নির্দিষ্ট কিছু লক্ষ্য ছিল কোথায় শেষ করতে চাই। আমাদের স্কোয়াড ও প্রতিপক্ষের সামর্থ্য বিবেচনা করলে, আমরা সেই লক্ষ্য ছোঁয়ার মতো খুব ভালো অবস্থানেই আছি।"

টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকার কারণে বাংলাদেশ কি কোনো বাড়তি চাপে থাকবে , এমন প্রশ্নের জবাবে অবশ্য বুদ্ধিমত্তার সাথে কোনো ভবিষ্যদ্বাণী এড়িয়ে যান স্যামি। তিনি হেসে বলেন, "আর বাংলাদেশের ওপর চাপ কতটা, সেই প্রশ্নটা বরং ওদের প্রধান কোচকেই করা ভালো!"

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত খেলার প্রশংসা করেন সাবেক এই ক্যারিবিয়ান অধিনায়ক। স্যামি বলেন, "আমরা জানি বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলছে, তবে এই বছর আমরাও কিন্তু খারাপ খেলিনি।"

বিগত ডাব্লিউটিসি চক্রগুলোতে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স ততটা নজরকাড়া না থাকলেও, এই বছর বড় সংস্করণে দল যে বেশ উন্নতি করেছে, তা মনে করিয়ে দেন স্যামি। তিনি যোগ করেন, "প্রত্যাশা সবসময়ই থাকে। তবে সত্যি বলতে, চলতি বছর আমরা যেভাবে টেস্ট খেলেছি, একটি সিরিজেও হারিনি। দীর্ঘদিন পর এমন একটা বছর কাটছে যেখানে আমরা কোনো টেস্ট সিরিজ হারিনি।"

চলতি ডাব্লিউটিসি চক্রে এটাই হবে ওয়েস্ট ইন্ডিজের শেষ অ্যাসাইনমেন্ট। শিষ্যদের হাতের সুযোগটা পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানিয়ে স্যামি বলেন, "এই চক্রে আমাদের জন্য কেবল ১০টি সম্ভাবনাময় টেস্টের দিন বাকি আছে। মাঠে নেমে নিজেদের সবটুকু উজার করে দাও, যা কিছুই তোমাকে অনুপ্রাণিত করে, সেটাকেই কাজে লাগিয়ে মাঠে সেরা পারফরম্যান্সটা বের করে আনো।"

সিরিজে দুই দলই একে অপরকে কঠিন চ্যালেঞ্জ ছড়ে দেবে বলে আশা করছেন সাবেক এই অলরাউন্ডার। তিনি বলেন, "চলতি বছর দুই দলই যেভাবে খেলেছে, তাতে এটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হতে যাচ্ছে। দিনশেষে যে দল ম্যাচের মোমেন্টাম নিজেদের পক্ষে ধরে রাখতে পারবে, তারাই সাধারণত জিতবে। আর আমরাও সেই লক্ষ্য নিয়েই মাঠে নামব।"