স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আজ বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের বিজয়ী ঘোষণা করা হবে। ৭০তম আয়োজন এবার প্রথমবারের মতো প্যারিসের বাইরে লন্ডনে হচ্ছে। ১৯৫৬ সালে প্রথম বিজয়ী ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথুসের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই সিদ্ধান্ত।
আপাতত আলোচনার কেন্দ্রে রয়েছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এছাড়া কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির নামও উঠছে। ইএসপিএন-এর এক জরিপে কেইন সবচেয়ে এগিয়ে আছেন। তাদের জরিপে প্রায় দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার। ইয়ামাল পেয়েছেন প্রায় ২৮ শতাংশ। এরপর এমবাপ্পে ও মেসি।
গতেল মৌসুমে কেইন ক্লাব ও দেশের হয়ে ৬৫ ম্যাচে ৭৩টি গোল করেছেন। বায়ার্নকে লিগ ও কাপ জেতানোর পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপে সেমিফাইনালে নিয়ে গিয়ে তৃতীয় স্থান এনে দিয়েছেন তিনি। অন্যদিকে ১৯ বছর বয়সী ইয়ামাল স্পেনকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বার্সেলোনার সঙ্গে লা লিগাসহ অন্যান্য শিরোপা জিতেছেন। তার ফর্মও দুর্দান্ত। তবে অনেকে মনে করছেন, ফাইনালে গোল না পাওয়ায় এবং ইনজুরির কারণে কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি।
৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহাম, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ভিতিনহা, পাউ কুবার্সিসহ আরও অনেক নাম রয়েছে। শেষ পর্যায়ে মূল লড়াই কেইন, ইয়ামাল ও এমবাপ্পের মধ্যেই সীমাবদ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের ১০০ জন অভিজ্ঞ সাংবাদিক জুরি বোর্ড হিসেবে কাজ করেন। প্রত্যেকে সেরা ১০ জনকে ক্রমানুসারে সাজিয়ে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেন। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই বিজয়ী হন।
ইয়ামাল ব্যক্তিগত বিমানে ঘনিষ্ঠজনদের নিয়ে লন্ডনে যাচ্ছেন বলে স্প্যানিশ মিডিয়ায় খবর বেরিয়েছে। তিনি পুরস্কার জিতলে উদযাপনের প্রস্তুতিও নিয়েছেন বলে জানা গেছে। কেইন যদি জেতেন, তাহলে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতবেন তিনি।