Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

বিগ ব্যাশে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম

বাংলাদেশি ক্রিকেটারদের বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। রিশাদ হোসেনের পর এবার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন আগের মতোই হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে মাঠে নামবেন। ফলে এবারের আসরে মোট দুজন বাংলাদেশি ক্রিকেটার বিগ ব্যাশে অংশ নেবেন।

এর আগে বিগ ব্যাশে বাংলাদেশের পক্ষ থেকে খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। সাকিব খেলেছিলেন অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে। এবার সেই মেলবোর্ন রেনেগেডসেই যোগ দিচ্ছেন মুস্তাফিজ। রিশাদ হোসেন নিজের পুরনো দল হোবার্ট হারিকেন্সেই থাকছেন।

ঢাকায় চলমান ডি থ্রি ট্রফির নিলামের সময় জানানো হয়, মুস্তাফিজুর রহমান বিগ ব্যাশ খেলার জন্য কিছুদিন টুর্নামেন্ট থেকে দূরে থাকবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে তিনি ইতোমধ্যে এনওসি পেয়ে গেছেন। ১২ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ডি থ্রি ট্রফিতে তিনি উপলব্ধ থাকবেন না। ওই সময় তিনি বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকবেন।

মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে আইপিএল, পিএসএল ও আইএলটি-টোয়েন্টিসহ বিশ্বের বিভিন্ন লিগে খেলেছেন। তবে বিগ ব্যাশে এটিই হবে তাঁর প্রথম অংশগ্রহণ। সবকিছু ঠিক থাকলে এবারই বাংলাদেশের এই কাটার মাস্টারকে অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে দেখা যাবে। একই সঙ্গে রিশাদ হোসেন নিজের দ্বিতীয় মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন।