Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

২ কোটি ১০ লাখে দল পেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

ডি থ্রি টুর্নামেন্টের নিলামে আজ সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন তাসকিন আহমেদ। দেশের অন্যতম সেরা পেসারকে ওয়ালটন কিনে নিয়েছে ২ কোটি ১০ লাখ পয়েন্টে। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দর।

এর আগে ‘এ’ ক্যাটাগরিতে তানজিদ তামিমের দর উঠেছিল ২ কোটি পয়েন্ট। তাসকিন সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন। শান্তকে ফরচুন নিয়েছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে। একই দলে রিশাদ হোসেন গেছেন ৬০ লাখে এবং সৌম্য সরকার ৭৫ লাখে। রিশাদ অবশ্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন না; তিনি তখন বিগ ব্যাশে থাকবেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ কেনাবেচায় সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। হাসান মাহমুদকে একই দামে কিনেছে ব্লু স্টার। নাহিদ রানা গেছেন ব্লু স্টারে ৭৫ লাখ পয়েন্টে। মুমিনুল হক ৮০ লাখে ওয়ালটনে এবং লিটন দাস ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে মুমিনুলের সতীর্থ হয়েছেন। তাইজুল ইসলামকে ৮০ লাখে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। আর সবার আগে শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে কিনে নেয় ব্লু স্টার।

নিলামে মোট ২৭৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২২ জন, ‘বি’-তে ২৫ জন, ‘সি’-তে ৭০ জন, ‘ডি’-তে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে ১১২ জন।

ছয়জন আইকন ক্রিকেটার আগেই দল পেয়ে গিয়েছিলেন। মোসাদ্দেক হোসেন সৈকত একমির, নাঈম শেখ সিটিজেন্স ব্যাংক, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্ট, নুরুল হাসান সোহান ব্লু স্টার, তাওহীদ হৃদয় ফরচুন এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের আইকন হিসেবে নিশ্চিত হয়েছেন।