স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
সব অপেক্ষার প্রহর শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা। আগামী সোমবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হবে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকেন্দ্রিক সম্মাননা ব্যালন ডি’অর। অথচ চূড়ান্ত মাহেন্দ্রক্ষণের ঠিক দু’দিন আগেই বাজির বাজারি সূচকে দেখা যাচ্ছে এক অভূতপূর্ব পরিবর্তন। যেখানে লড়াইটা মূলত ত্রিমুখী; স্ট্রাইকার হ্যারি কেইন, বার্সেলোনার বিস্ময় তরুণ লামিন ইয়ামাল এবং কিলিয়ান এমবাপে। তবে সাম্প্রতিক পরিসংখ্যান আর বিশেষজ্ঞদের হিসাব-নিকাশ বলছে, সোনালী এই ট্রফি জয়ের দৌঁড়ে বাকিদের চেয়ে অনেকটা নিরাপদ দূরত্বে এগিয়ে গেছেন বায়ার্ন মিউনিখের গোলমেশিন হ্যারি কেইন।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে মাঠ কাঁপিয়েছেন হ্যারি কেইন। ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন অবিশ্বাস্য ৭৩ বার। এমন ধারাবাহিক আর প্রলয়ংকরী নৈপুণ্যের কারণে বাজিকরদের প্রথম পছন্দ এখন এই ইংলিশ তারকা। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেইনের ওপর বাজির গড় দর দাঁড়িয়েছে ১.৩৫, যা তাকে বিজয়ী হওয়ার দৌড়ে সবার শীর্ষে রেখেছে।
অন্যদিকে সময় যত গড়াচ্ছে, ১৯ বছর বয়সী বার্সেলোনা ফরোয়ার্ড লামিন ইয়ামালের জয়ের পাল্লা ততই হালকা হচ্ছে। গত মৌসুমে লা লিগায় ১৬টি গোল ও ১১টি অ্যাসিস্টের পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। এছাড়া স্পেনের হয়ে ২০২৬ সালের বৈশ্বিক শিরোপা জয়েও রেখেছেন বড় ভূমিকা। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাজির বাজারে তার দর ৩.২৫ থেকে বেড়ে ৬.০০-এ পৌঁছেছে। বাজিকরদের এই নাটকীয় পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে; ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা বেশ খানিকটা কমে গেছে।
বাজির বাজারের এই হুট করে পাল্টে যাওয়ার নেপথ্যে মূল ভূমিকা রেখেছে সাম্প্রতিক ‘মার্কা ১০০’ পুরস্কারের ফল। আন্তর্জাতিক সাংবাদিক, সাবেক ফুটবলার ও স্বনামধন্য কোচদের সমন্বয়ে গঠিত ২২৬ সদস্যের একটি বিচারক প্যানেল এই ভোট প্রদান করেন। ১-১৫ নম্বর রেটিং ব্যবস্থার ওপর ভিত্তি করে দেওয়া এই রায়ে হ্যারি কেইন ৩,৯৬২ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। তার ঠিক পেছনেই মাত্র ২৫ পয়েন্টে পিছিয়ে থেকে ৩,৯৩৭ পয়েন্ট পান ইয়ামাল। ৩,৪৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপে। শীর্ষ দশের বাকি নামগুলো যথাক্রমে রদ্রি, খভিচা কাভারাৎসখেলিয়া, লিওনেল মেসি, ফ্যাবিয়ান রুইস, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে এবং পাউ কুবারসি।
ভোটিংয়ের যাবতীয় হিসেব-নিকাশ ও বাজির দর কেইনের পক্ষে থাকলেও সম্ভাবনা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি ইয়ামালের জন্য। সোমবারের রাতে যদি শেষ পর্যন্ত অলৌকিক কিছু ঘটে এবং ইয়ামালের হাতেই পুরস্কারটি ওঠে, তবে তা ফুটবলের ইতিহাস নতুন করে লিখবে। মাত্র ১৯ বছর বয়সে পুরস্কারটি জিতে তিনি হবেন ব্যালন ডি’অরের সর্বকনিষ্ঠ বিজয়ী। বর্তমানে এই রেকর্ডটির মালিক ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রোনালদো, যিনি ১৯৯৭ সালে ২১ বছর বয়সে প্রথমবারের মতো এই খেতাব জয় করেছিলেন।