স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে বিসিবির উদ্যোগে ডি থ্রি ট্রফি শুরু হতে চলেছে। ডিসেম্বরে টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে মাঠে নামবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তার ঠিক আগে আগামী ২৬ অক্টোবর ঢাকার শেরাটন হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।
এই নিলামের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ভারতের বিখ্যাত অকশনার চারু শর্মা। আইপিএলসহ বিভিন্ন লিগে অভিজ্ঞ এই ব্যক্তিকে আনার চেষ্টা চালাচ্ছে বিসিবি। জানা গেছে, ইতিমধ্যে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব ঠিক থাকলে তিনি নিলাম পরিচালনা করতে বাংলাদেশে আসবেন।
আরও পড়ুন-ওয়ানডেতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের উত্থান, নবমেই বাংলাদেশ
নিলামে অংশ নেবেন মোট ২৬৯ জন ক্রিকেটার। তাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন জাকের আলী অনিক, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদসহ আরও কয়েকজন তারকা খেলোয়াড়।
এখানেই শেষ নয়। নিলামের পদ্ধতিতেও রয়েছে বড় পরিবর্তন। সাধারণত টাকার অঙ্ক বাড়িয়ে খেলোয়াড় কেনা হয়। কিন্তু ডি থ্রিতে টাকার পরিবর্তে পয়েন্ট ব্যবহার করা হবে। প্রতিটি দলের জন্য নির্দিষ্ট পয়েন্ট পার্স থাকবে। সেই সীমা অতিক্রম করে কেউ ডাক দিতে পারবে না। পুরো স্কোয়াড গঠন করতে হবে নির্ধারিত পয়েন্টের মধ্যেই।
আরও পড়ুন-ব্যালন ডি’অরের বর্ষসেরা কোচের নাম ফাঁস
প্রতিটি দলকে ২৩ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজাতে হবে। ইতিমধ্যে আইকন খেলোয়াড় বাছাই হয়ে গেছে। তাই নিলামে মূল লড়াই হবে বাকি ২২ জনকে দলে নেওয়ার। আইকন ও কোচিং প্যানেলের ড্রাফট আগেই সম্পন্ন হয়েছে। এখন শুধু খেলোয়াড় নিলামের অপেক্ষা।
ছয়টি ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন, ফরচুন, এসিএমই, সেভেন রিংস সিমেন্ট, এইস ব্লুস্টার ও সিটিজেন ব্যাংক ইতিমধ্যে দল গঠনের প্রস্তুতি নিচ্ছে।