স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম
চ্যাম্পিয়নস লিগের রাতে বায়ার্ন মিউনিখের জন্য নেমে এলো বড় দুসংবাদ। বাম পায়ের হামস্ট্রিং চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এই তারকা ফরোয়ার্ডের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষ।
বুধবার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া রোমাঞ্চকর ম্যাচে চোট পান ২৯ বছর বয়সী এই উইঙ্গার। ম্যাচের শেষ ২০ মিনিট বাকি থাকতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হলেও খেলা শেষের ঠিক আগমুহূর্তে তীব্র অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
ক্লাবের মেডিকেল রিপোর্টে জানানো হয়, দিয়াসের বাম পায়ের হামস্ট্রিংয়ে ‘মাইনর মাসল ফাইবার টিয়ার’ বা পেশির সূক্ষ্ম টিস্যু ফেটে গেছে। জার্মান গণমাধ্যমগুলোর মতে, সাবেক লিভারপুল উইঙ্গারকে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।
আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগেই যে দিয়াস শতভাগ ফিট ছিলেন না, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। ম্যাচের আগে তিনি জানান, অনুশীলনে পুরোপুরি ফিট অবস্থায় অংশ নিতে পারেননি দিয়াস।
চলতি মৌসুমে জার্মানির ঘরোয়া লিগে কিছুটা গোলখরায় ভুগছিলেন এই কলম্বিয়ান তারকা। তবে গত উইকেন্ডেই আরবি লাইপজিগের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয়ে চোখধাঁধানো হ্যাটট্রিক করে নিজের পুরনো রূপ দেখান তিনি।
২০২৫ সালে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই অলরেডদের এই সাবেক তারকা ছিলেন দুর্দান্ত ফর্মে। বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে মাঠে নেমে ৩১টি গোলের পাশাপাশি ২৪টি গোলে সরাসরি এসিস্ট করেছেন দিয়াস। গুরুত্বপূর্ণ এই সময়ে দিয়াসের ছিটকে যাওয়া বায়ার্নের আক্রমণভাগের জন্য বড় এক ধাক্কা হয়ে দাঁড়াল।