স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
২০২০ সালে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত নিউরোসার্জন লিউপোল্ডো লুকের আইনজীবীরা সমাপনী যুক্তিতর্কে তাঁকে 'নির্দোষ' হিসেবে দাবি করেছেন। বুয়েনস আইরেসের আদালতে প্রসিকিউশনের যুক্তি প্রত্যাখ্যান করে লুকের আইনজীবী দল জানিয়েছে, ম্যারাডোনার মৃত্যু ছিল সম্পূর্ণ আকস্মিক ও পূর্বাভাসহীন এক হৃদরোগের ফল।
ম্যারাডোনার সাবডিউরাল হেমাটোমা অস্ত্রোপচারের পর টাইগ্রের একটি ভাড়া বাসায় পুনর্বাসন চলাকালীন ৬০ বছর বয়সে ফুসফুস এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। ওই সময়ে ম্যারাডোনার চিকিৎসার মূল সিদ্ধান্ত গ্রহণকারী ছিলেন নিউরোসার্জন লুক। চিকিৎসায় চরম অবহেলার অভিযোগে প্রসিকিউটররা লুকের জন্য ১২ বছরের কারাদণ্ডের আর্জি জানিয়েছেন।
লুকের আইনজীবী রবার্তো রালিন যুক্তিতর্কে বলেন, "আমরা এখানে কোনো টেলিভিশনের স্লোগান দিতে আসিনি, লুকের নির্দোষ হওয়ার তথ্য-প্রমাণ নিয়ে এসেছি। লুককে শুধুই বলির পাঁঠা বানানো হয়েছে।"
অন্যতম প্রতিরক্ষাকৌশলী ফ্রান্সিসকো ওনেতো যুক্তি দেন, ২০২০ সালে অস্ত্রোপচারের আগে করা কোনো ক্লিনিক্যাল টেস্টেই ম্যারাডোনার হৃদযন্ত্রের জটিলতা ধরা পড়েনি। তাই আদালতে মেডিকেল কমিশনের রিপোর্ট ভুল দাবি করে তিনি বলেন, এই মর্মান্তিক পরিণতি আগে থেকে অনুমান করা কোনোভাবেই সম্ভব ছিল না।
বিচার চলাকালীন আত্মপক্ষ সমর্থনে লড়াই করে ডাক্তার লিউপোল্ডো লুক বলেন, "আমার সাথে ম্যারাডোনার সবচেয়ে বেশি যোগাযোগ ছিল বলেই আমাকে আক্রমণ করা সহজ হচ্ছে। আজ যদি দিয়োগো বেঁচে থাকতেন, তবে তিনিই একমাত্র আমাকে রক্ষা করতেন। আমি ওনাকে ভীষণ ভালোবাসতাম, উনি আমার আইডল এবং বন্ধু ছিলেন।"
সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলমান এই চাঞ্চল্যকর বিচার প্রক্রিয়ায় বিচারালয়ে অটোপসির ভিডিও প্রদর্শন করা নিয়ে ম্যারাডোনার দুই মেয়ের সাথে আইনজীবীদের বাকবিতণ্ডাও তৈরি হয়। বৃহস্পতিবারও মামলার সমাপনী যুক্তিতর্ক অব্যাহত থাকার কথা রয়েছে।