Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার পর হৃদয়— কথা ও কাজের মিল নেই

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

শারজাহর মাঠে আরেকবার ভেঙে পড়ল বাংলাদেশের স্বপ্ন। জিম্বাবুয়ের কাছে হারের পর এবার আফগানিস্তানের বিপক্ষেও কোনো লড়াই দেখাতে পারেনি তাওহিদ হৃদয়ের দল। মাত্র ১৬০ রানে অলআউট হয়ে গিয়ে ৭ উইকেটে হারলো তারা। ফাইনালের দরজা বন্ধ হয়ে গেল আরও আগেই।

বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই ব্যাটসম্যানরা ব্যর্থ। পারভেজ হোসেন ইমনের ৭০ রান আর সাইফ হাসানের ৪১ ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। রশিদ খানের ৪ উইকেটে ৪১.২ ওভারেই ইনিংস শেষ হয়ে যায় ১৬০ রানে। এরপর আফগানরা কোনো চাপ ছাড়াই ৩৫.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে। রহমত শাহ অপরাজিত ৬৭ রান করে ম্যাচ শেষ করেন।

এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। টানা দুই হারেই ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিতে হলো তাদের। এ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টানা পাঁচ ওয়ানডেতে হারের রেকর্ডও গড়েছে টাইগাররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তাওহিদ হৃদয় খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেছেন, “বড় সিরিজ, ত্রিদেশীয় টুর্নামেন্ট, এশিয়া কাপ বা বিশ্বকাপ; যেখানেই যাই, সবাই ট্রফি জিততে চাই। এই ক্ষুধা সবার মধ্যেই আছে। কিন্তু শুধু মুখে বলি, কাজে তার প্রতিফলন দেখা যায় না।”

ব্যর্থতার মূল কারণ হিসেবে ব্যাটিংকেই দায়ী করেছেন হৃদয়। “নির্দিষ্ট কারও দিকে আঙুল তুলতে চাই না। তবে স্পষ্ট করে বললে, সমস্যা আমাদের ব্যাটসম্যানদের। শেষ দুই ম্যাচে খুবই খারাপ ব্যাটিং করেছি। সে কারণেই পুরো দল ভুগছে।”

দেশের মাঠে ভালো পারফরম্যান্স আর বিদেশে ব্যর্থতার পার্থক্য নিয়েও কথা বলেছেন তিনি। “এক-দুই ম্যাচ দেখে দলের অবস্থা বলতে চাই না। দল ভালো অবস্থায়ই আছে। কিন্তু দেশের বাইরে সাম্প্রতিক সময়ে ব্যাটিং খুবই খারাপ হয়েছে, সেটা পরিষ্কার। দেশে খেললে ব্যাটসম্যানরা ভালো করেন। বাইরের যেসব জায়গায় সমস্যায় পড়ি, সেখানে অবশ্যই উন্নতি করতে হবে।”