Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

আর্জেন্টিনা ডাগআউটে দীর্ঘ হচ্ছে স্কালোনি অধ্যায়, তবে...

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা এখন প্রায় কেটে যাচ্ছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এএফএর সঙ্গে চুক্তি নবায়নে সম্মতি জানিয়েছেন এই বিশ্বকাপজয়ী কোচ। তবে শর্ত দিয়ে আগামী বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যেতে আবারও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হবে ২০২৮ সাল পর্যন্ত। দুই পক্ষ রাজি থাকলে মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নেওয়া যাবে। সাম্প্রতিক ফিফা আন্তর্জাতিক বিরতিতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ ঠিক করেন এবং দায়িত্ব চালিয়ে যেতে রাজি হন। আর্থিক শর্তসহ অন্যান্য বিষয়েও সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

তবে এখনো এএফএর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংস্থাটি আগে শুধু আলোচনা শুরুর কথা জানিয়েছিল। আগামী কয়েক দিনের মধ্যে অথবা নভেম্বরের আন্তর্জাতিক বিরতির সময় নতুন চুক্তির খবর আসতে পারে।

নভেম্বরে আর্জেন্টিনা বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে। ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে। এই দুই ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প চলাকালেই স্কালোনির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে।

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকে ধরে রাখার পাশাপাশি তার পুরো কোচিং স্টাফকেও টিকিয়ে রাখতে চাইছে এএফএ। বিশেষ করে দীর্ঘদিনের সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনো চলমান।

স্কালোনির কোচিং দলে স্যামুয়েল ছাড়াও আছেন পাবলো আইমার ও রবার্তো আয়ালা। সাম্প্রতিক বছরগুলোর সাফল্যে এই তিনজনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাই নতুন চুক্তিতে যতটা সম্ভব তাদের সবাইকে রাখতে আগ্রহী দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

তবে স্যামুয়েল নিজে প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। এএফএ তাকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে যাতে তিনি স্কালোনির পাশেই থাকেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তার হাতেই আর্জেন্টিনা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। নতুন চুক্তি কার্যকর হলে জাতীয় দলের কোচ হিসেবে তার এক দশকের পথও পরিষ্কার হয়ে যাবে।