Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে রেকর্ড গড়লেন মিনহাস

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম

পাকিস্তানের তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাসের এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক পারফরম্যান্সে রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ব্যাটিংয়ে ৫৮ বলে ৫৯ রানের এক ঝোড়ো ইনিংস খেলার পর বাঁহাতি স্পিনে ৪০ রান দিয়ে ৬ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন ২১ বছর বয়সী এই উদীয়মান তারকা।

এই অলরাউন্ড নৈপুণ্যের মাধ্যমে শাহীদ আফ্রিদি (৩ বার) এবং আবদুর রাজ্জাকের (১ বার) পর তৃতীয় পাকিস্তানি পুরুষ ক্রিকেটার হিসেবে একই ওয়ানডে ম্যাচে হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারের বিরল কীর্তি গড়লেন আরাফাত। বিশ্ব ক্রিকেটে এটি মাত্র ২৫তম ঘটনা- যেখানে ভিভ রিচার্ডস, যুবরাজ সিং, ক্রিস গেইল ও সাকিব আল হাসানের মতো কিংবদন্তিদের পাশে নাম লেখালেন তিনি।

নিজের ক্যারিয়ারের মাত্র ৫ম ওয়ানডে খেলতে নামা আরাফাতের পারফর্ম্যান্সের ওপর ভর করে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ৩০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক, উইল জ্যাকস, আদিল রশিদ ও জেমি ওভারটনের মতো তারকা ব্যাটারদের স্পিন ঘূর্ণিতে কাবু করেন আরাফাত।

ম্যাচ শেষে নিজের পরিকল্পনা নিয়ে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া এই অলরাউন্ডার বলেন, "প্রথম ম্যাচের তুলনায় আজকের পিচে সামান্য স্লোনেস বা ধীরগতি ছিল, যা আমাকে সাহায্য করেছে। ব্যাটারদের বিভ্রান্ত করতে একজন স্পিনারের জন্য বৈচিত্র্য বা 'ভেরিয়েশন' তৈরি করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি সেটাই করার চেষ্টা করেছি।"

তরুণ অলরাউন্ডারের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। তিনি বলেন, "আরাফাত একজন জেনুইন অলরাউন্ডার। আগামী বিশ্বকাপের প্রস্তুতিতে তাঁর এবং পেসারদের ফর্ম দলের জন্য খুব বড় ইতিবাচক সংকেত।"

অন্যদিকে, একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়া এবং স্পিনের বিরুদ্ধে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে খেলাকেই হারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন ইংলিশ দলপতি হ্যারি ব্রুক।