স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ০২:১২ পিএম
বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচের জন্য বিসিবি একাদশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে জাতীয় দলের তারকা জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারীর পাশাপাশি চলমান জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত পারফর্ম করা একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার বসুন্ধরা আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। মূলত আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকায় শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে ক্যারিবীয় দলকে কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই এই ম্যাচের আয়োজন। সিরিজের দ্বিতীয় টেস্টটি আগামী ৫ নভেম্বর থেকে সিলেটে অনুষ্ঠিত হবে।
ঘোষিত স্কোয়াডটিতে কোনো প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়নি। এর বদলে তরুণ ও প্রতিশ্রুতিশীল পেসারদের সুযোগ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন চলমান এনসিএলে সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া পেসার অনিক দেব বর্মা এবং সাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা আব্দুল হালিম। এছাড়া রংপুর বিভাগের পেস-বোলিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও সুযোগ পেয়েছেন।
ব্যাটিং বিভাগে এনসিএলে ময়মনসিংহ বিভাগের হয়ে সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করা মাহফিজুল ইসলাম রবিন এবং আক্রমণাত্মক ওপেনার জিশান আলমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অনুর্ধ্ব-১৯ দলের দুজন তরুণ ক্রিকেটারকেও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া হয়েছে।
বিসিবি একাদশ স্কোয়াড:
মাহফিজুল ইসলাম রবিন, জিশান আলম, কালাম সিদ্দিকী আলীন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এসএম মেহরাব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, মোহাম্মদ শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্মা, ফাহাদ হোসেন, হোসেন (অনূর্ধ্ব-১৯), সান (অনূর্ধ্ব-১৯)।