Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

নেপাল প্রিমিয়ার লিগে সাকিবের সঙ্গী হলেন মেহেদী

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম

নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা দিন দিন বাড়ছে। তৃতীয় আসরে সেই ধারায় নতুন করে যোগ হলেন অফ-স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। পোখারা অ্যাভেঞ্জার্স তাকে দলে নিয়েছে বলে বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। একই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে মেহেদীকে স্বাগত জানিয়েছে তারা।

পোখারার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের এই অলরাউন্ডার বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে আছেন। দলটি তার পারফরম্যান্স নিয়ে বেশ উৎসাহী। ৩১ বছর বয়সী মেহেদী বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এবং সমান সংখ্যক উইকেট নিয়েছেন। অফ-স্পিনের পাশাপাশি নিচের অর্ডারে কার্যকর ব্যাটিংয়ের সক্ষমতাও রয়েছে তার।

একই দলে আগেই নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। পোখারায় মেহেদীর সঙ্গী হচ্ছেন আরও কয়েকজন বাংলাদেশি। ঘরোয়া ক্রিকেটে আলোচনায় থাকা স্পিনার মোহাম্মদ রুবেলও দলে আছেন। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার ফিটনেস পরীক্ষার বিষয়টি সামনে থাকায় চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি এখনো পরিষ্কার নয়।

মেহেদীকে দলে নেওয়ার ঘোষণা দিলেও নেপালে খেলতে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র লাগবে। মঙ্গলবার পর্যন্ত তিনি সেই অনুমতির অপেক্ষায় ছিলেন বলে দেশের একটি ক্রীড়ামাধ্যম জানিয়েছিল। ফ্র্যাঞ্চাইজি চুক্তির ঘোষণা দিলেও তিনি অনাপত্তিপত্র পেয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এবারের এনপিএলে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে। জিসান আলমকে নিয়েছে বিরাটনগর কিংস। কর্নালি ইয়াকসের হয়ে খেলার কথা রয়েছে আকবর আলী ও আরিফুল ইসলামের। লুম্বিনি লায়ন্সের হয়ে সম্ভাবনা আছে শামীম হোসেন পাটোয়ারীরও। তবে তার অংশগ্রহণও বিসিবির অনাপত্তিপত্রের ওপর নির্ভর করছে।

নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর আগামী ২৬ অক্টোবর শুরু হবে। ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। সব ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠে।