Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

প্রথম বাঁহাতি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে স্টার্কের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গকেবেরহায় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ক্রিকেট ইতিহাসের অনন্য এক রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান পেস তারকা মিচেল স্টার্ক। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০টি উইকেট শিকারের এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তিনি।

তিন ম্যাচের টেস্ট সিরিজটি ৪৪৮টি উইকেট নিয়ে শুরু করেছিলেন এই অজি স্পিডস্টার। প্রথম দুই দিন বৃষ্টির পেটে গেলেও তৃতীয় দিনের প্রথম সেশনেই দুই উইকেট তুলে নিয়ে এই ঐতিহাসিক মাইলফলকে পা রাখেন স্টার্ক। প্রোটিয়া অলরাউন্ডার উয়ান মুল্ডারকে তাঁর ৪৫০তম শিকারে পরিণত করেন তিনি। মুল্ডারের গ্লাভসে লেগে আসা ১৪৪ কিলোমিটার গতির বাউন্সার স্লিপে ম্যাট রেনশ তালুবন্দি করলে অন-ফিল্ড আম্পায়ার শুরুতে নট-আউট দেন, তবে অজিদের সফল রিভিউয়ের পর উইকেটটি পান স্টার্ক। এর আগে ম্যাথিউ ব্রিটজকে আউট করে মাইলফলকের একেবারেই দ্বারপ্রান্তে পৌঁছান তিনি।

দ্রুততম ৪৫০ উইকেটের নতুন বিশ্বরেকর্ড

চতুর্থ অস্ট্রেলিয়ান এবং বিশ্ব ক্রিকেটের দশম বোলার হিসেবে ৪৫০ টেস্ট উইকেটের ক্লাবে যোগ দিয়েছেন স্টার্ক। তবে বল সংখ্যার হিসেবে এটি টেস্ট ইতিহাসের দ্রুততম ৪৫০ উইকেট! এই উচ্চতায় পৌঁছাতে স্টার্কের প্রয়োজন হয়েছে মাত্র ২০,৫৭৭টি বল। এর মাধ্যমে তিনি ভেঙেছেন সতীর্থ অজি লিজেন্ড গ্লেন ম্যাকগ্রার রেকর্ড, যাঁর লেগেছিল ২৩,৪৭৪টি বল।

সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটসংগ্রাহক

১. মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৮০০ উইকেট

২. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৭০৮ উইকেট

৩. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭০৪ উইকেট

৪. অনিল কুম্বলে (ভারত)- ৬১৯ উইকেট

৫. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৬০৪ উইকেট

৬. নাথান লায়ন (অস্ট্রেলিয়া- ৫৭৩ উইকেট

৭. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ৫৬৩ উইকেট

৮. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৫৩৭ উইকেট

৯. কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)- ৫১৯ উইকেট

১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৪৫০* উইকেট