Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

লিটনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একদিকে হতাশা, অন্যদিকে আশার আলো। ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই অধিনায়ক লিটন দাসকে মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে স্বস্তির খবর এসেছে। স্ক্যান রিপোর্টে নিতম্বের সংযোগস্থলে কোনো বড় সমস্যা ধরা পড়েনি। পেশিতে সামান্য জটিলতা থাকায় কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। বিসিবির চিকিৎসা বিভাগ আশা করছে, ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে তিনি মাঠে ফিরতে পারবেন।

গত শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি লিটন। ডান নিতম্বের সংযোগস্থলে অস্বস্তির কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যান তিনি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।

সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেন লিটন। সেখানে তার স্ক্যান রিপোর্ট পর্যালোচনা করা হয় এবং হালকা ফিজিওথেরাপি দেওয়া হয়। পরীক্ষায় গুরুতর কিছু না পাওয়া গেলেও পেশিতে সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিসিবির চিকিৎসা বিভাগের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘লিটন আজ আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। তার স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে পেশিতে সামান্য সমস্যা রয়েছে।’

সুস্থতার অগ্রগতি বুঝতে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। ওই কর্মকর্তা আরও বলেন, ‘আজ তাকে হালকা ফিজিওথেরাপি করানো হয়েছে। আগামীকালও একইভাবে চিকিৎসা চলবে। আরও দুই দিন পর তার চোটের অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনের খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী বিসিবি। তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে নারাজ চিকিৎসকেরা। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশাবাদী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে। তবে আগামী কয়েক দিনের অগ্রগতি না দেখে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আপাতত তার নিতম্বের সংযোগস্থলে বড় কোনো সমস্যা নেই।’

এদিকে আরেকটি চোটের দুশ্চিন্তাও রয়েছে বাংলাদেশ শিবিরে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাউন্ডারি বাঁচাতে ডাইভ দেওয়ার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অফ স্পিনার নাঈম হাসান। সেই চোট কাটিয়ে সোমবার আবার বোলিং শুরু করেছেন তিনি। আগামী বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক ফিটনেস পরীক্ষা হওয়ার কথা।

নাঈম জানিয়েছেন, বোলিংয়ে ফেরার পর কোনো অস্বস্তি অনুভব করেননি তিনি। এখন চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন এই স্পিনার।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে লিটন ও নাঈমের সুস্থ হয়ে ওঠা বাংলাদেশের জন্য বড় স্বস্তি হতে পারে।