Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

বিশ্বের বড় স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম, পেছনে ফেলবে নরেন্দ্র মোদিকেও

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম

হ্যানয়ের রাজপথে এখন চলছে এক মেগাযজ্ঞের প্রস্তুতি। বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভিয়েতনামে তৈরি হচ্ছে এমন এক ভেন্যু, যা পেছনে ফেলে দেবে ভারতের গর্ব নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেও। আধুনিক স্থাপত্য আর প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি উপহার দিতে চলেছে এক অবিশ্বাস্য ক্রীড়ামেগা স্ট্রাকচার।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে বিশাল আকৃতির ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়াম। ভিয়েতনামের বৃহত্তর আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের একটি অংশ হিসেবে এটি নির্মিত হচ্ছে। বিগত ২০২৫ সালের ১৯ ডিসেম্বর এই মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

স্টেডিয়ামটির নকশায় রাখা হয়েছে এক চমৎকার চমক। প্রাচীন ভিয়েতনামের ঐতিহ্যবাহী ডং সন ব্রোঞ্জের ঢোলের আদলে এর কাঠামো তৈরি করা হচ্ছে, যা আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলবে। পুরো প্রকল্পে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার ৭৩০ কোটি টাকারও বেশি।

শুধু আকারেই নয়, প্রযুক্তির দিক থেকেও এটি হবে অনন্য। স্টেডিয়ামটিতে থাকবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে খোলা এবং বন্ধ করা যায় এমন ছাদ। ফলে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কিংবা অ্যাথলেটিক্সের পাশাপাশি বিশ্বখ্যাত তারকাদের বড় বড় কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে অনায়াসে আয়োজন করা সম্ভব হবে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু হিসেবে শীর্ষে রয়েছে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, যার ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। তবে নতুন এই ভিয়েতনামী স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার দর্শক, যা ভারতের চেয়ে ৩ হাজার বেশি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালের আগস্টের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।