স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১২:২১ এএম
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে আরও একটি অনন্য ইতিহাস গড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাট মিলিয়ে ১৬,০০০ রানের মাইলফলক অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেছেন ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে এই উচ্চতায় পৌঁছালেন তিনি।
ম্যাচে নামার আগে ১৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে মাত্র ৭ রানের প্রয়োজন ছিল বাবরের। শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সহজেই এই মাইলফলক টপকে যান তিনি। খেলায় ৫৭ বলে ৬টি চারে ৪৫ রান করার পর ঈশান মালিঙ্গার বলে আউট হন বাবর। এই ইনিংসের মাধ্যমে ৩৯৯ ইনিংসে তাঁর মোট আন্তর্জাতিক রান দাঁড়ায় ১৬,০৩৮-এ।
পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক তালিকা
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক তালিকায় ইনজামাম-উল-হক ২০,৫৪১ রান নিয়ে শীর্ষে অবস্থান করছেন।
ইনজামাম-উল-হক- ২০,৫৪১ রান
ইউনুস খান- ১৭,৭৯০ রান
মোহাম্মদ ইউসুফ- ১৭,১৩৪ রান
জাভেদ মিয়াঁদাদ- ১৬,২১৩ রান
বাবর আজম- ১৬,০৩৮* রান
ভাঙার মুখে সাঈদ আনোয়ারের রেকর্ড
১৬ হাজার রানের মাইলফলক ছোঁয়ার পাশাপাশি পাকিস্তানের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড একচ্ছত্রভাবে নিজের করে নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন বাবর আজম। ওয়ানডে ফরম্যাটে বাবর ও কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ার উভয়েরই সেঞ্চুরি সংখ্যা ২০টি। অনেক কম ইনিংস খেলে সাঈদ আনোয়ারকে ছুঁয়ে ফেলা বাবর আর মাত্র একটি সেঞ্চুরি করলেই এককভাবে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ ওয়ানডে শতক হাঁকানো ব্যাটার হওয়ার গৌরব অর্জন করবেন।
একই সাথে ২১টি ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করলে দ্রুততম সময়ে এই কৃতিত্ব অর্জনের তালিকায় হাসিম আমলা (১১৬ ইনিংস) ও বিরাট কোহলির (১৩৮ ইনিংস) পরেই বিশ্ব ক্রিকেটের তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে নাম লেখাবেন তিনি।