Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

লিটনের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে ইমন

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম

ডান হিপ জয়েন্টের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তাঁর পরিবর্তে জাতীয় দলের স্কোয়াডে যুক্ত হচ্ছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওথেরাপিস্ট বায়েজেদুল ইসলাম খান জানান, জিম্বাবুয়ের বিপক্ষে আবু ধাবিতে শনিবারের উদ্বোধনী ম্যাচের আগে ডান হিপ জয়েন্টে ব্যথার অভিযোগ করেন লিটন। পরবর্তীতে এমআরআই স্ক্যানে সমস্যা ধরা পড়ায় ফিটনেস টেস্টে ব্যর্থ হন এই উইকেটরক্ষক-ব্যাটার, যার ফলে টুর্নামেন্টের বাকি অংশ থেকে তাঁকে বাইরে রাখতে হচ্ছে।

লিটনের বদলি হিসেবে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন আজ রবিবার রাত সাড়ে নয়টায় আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে তাঁর ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এর আগে গত বছর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া ইমন জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক স্কোয়াডে থাকলেও আমিরাতের ত্রিদেশীয় সিরিজের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছিলেন।

উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। আগামী ২১ অক্টোবর শারজায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।