স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সংস্করণে শুরু হলো এক নতুন অধ্যায়ের। একটানা দীর্ঘ দিন নেতৃত্ব সামলানোর পর সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি। মূলত নিজের ব্যাটিং ও কিপিংয়ে বাড়তি মনোযোগ দিতেই এশিয়ান গেমসের পরপরই টি-টোয়েন্টির নেতৃত্বের গুরুভার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। দেশের নারী ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের অংশ হিসেবে টি-টোয়েন্টি দলের নতুন কাপ্তান করা হয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে। আর তার ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার সোবহানা মোস্তারি।
বিসিবির নারী উইং প্রধান রফিকুল ইসলাম ক্রিকবাজকে বলেন, ‘নির্বাচক প্যানেলের সদস্যদেরসহ অন্যদের সঙ্গে আমরা বসেছিলাম। এরপর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নাহিদার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।’
রফিকুল আরও বলেন, ‘নাহিদা বেশ দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। এখন আমরা মনে করছি, টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সঠিক সময় এসেছে।’
অধিনায়কত্ব ছাড়লেও নিগার সুলতানা কিন্তু রঙিন পোশাকের পূর্ণাঙ্গ নেতৃত্ব থেকে বিদায় নিচ্ছেন না। ওয়ানডে সংস্করণে দলের দায়িত্ব আগের মতোই তার হাতেই থাকছে। উল্লেখ্য, সম্প্রতি সমাপ্ত অস্ট্রেলিয়া সফরেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নিগার।
নতুন অধিনায়ক নাহিদা আক্তারের অধীনে বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের পরবর্তী অভিযানে মাঠে নামবে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া 'আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি'-তে। আগামী ১২ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এই টি-টোয়েন্টি অধ্যায়ের যাত্রা শুরু করবে টাইগ্রেসরা।