Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ধারাভাষ্য প্যানেল দিয়ে বাদ আথারটন-নাসের, পেছনে ইমরান খান বিতর্ক?

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন ঘোষণায় আবারও আলোচনার ঝড় উঠেছে। আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ধারাভাষ্য প্যানেলে ইংল্যান্ডের দুই জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল আথারটন ও নাসের হুসেইনের নাম নেই। শনিবার ঘোষিত ছয় সদস্যের প্যানেলে তাদের অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা চলছে যে, প্রায় সাত সপ্তাহ আগের একটি সাক্ষাৎকারই মূল কারণ হতে পারে। গত ৪ আগস্ট লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট চলাকালে স্কাই স্পোর্টসের হয়ে আথারটন ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলেমান খানের সাক্ষাৎকার নেন। প্রায় ১৮ মিনিটের সেই আলাপচারিতায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়কের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তার ছেলেরা।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে তারা অভিযোগ করেন, অবহেলা ও বিচ্ছিন্ন করে রাখার মাধ্যমে কর্তৃপক্ষ ‘প্রকাশ্যেই তাঁকে হত্যার চেষ্টা করছে’। পাকিস্তান সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইমরানের সঙ্গে কোনো দুর্ব্যবহার হয়নি এবং স্বজন, আইনজীবী বা চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ আটকে দেওয়া হয়নি।

সাক্ষাৎকারটির রাজনৈতিক বক্তব্য নিয়ে পিসিবি তীব্র আপত্তি জানায় এবং স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই সময় পাকিস্তান দলকে বিকেলের সেশনে মাঠে নামতে না দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হয়েছিল। স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটি প্রচার করলেও পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভিতে তা দেখানো হয়নি।

পরে নাসের হুসেইনের সঙ্গে এক পডকাস্টে আথারটন তার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, পাকিস্তানের রাষ্ট্র ইমরান খানকে প্রায় অস্তিত্বহীন করে দেওয়ার চেষ্টা করছে। নিউজ১৮-এর প্রতিবেদনে তার এই বক্তব্য তুলে ধরা হয়।

২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন আথারটন ও হুসেইন। এবার তাদের নাম না থাকায় প্রশ্ন উঠেছে; এই অনুপস্থিতির সঙ্গে আগস্টের বিতর্কের সরাসরি সম্পর্ক আছে কি না। পিসিবি এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি।