স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ এএম
ভুটানের থিম্পু সফরকে কেন্দ্র করে হঠাৎ করেই বাংলাদেশে ট্রানজিট নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আন্তর্জাতিক ফুটবল খেলার সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার সভাপতি জিয়েন্নি ইনফান্তিনোর। সব ঠিক থাকলে আজ রোববার (১৮ অক্টোবর) ভুটান যাওয়ার পথে ঢাকা, সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দরে স্বল্প সময়ের জন্য অবস্থান করতে পারেন বিশ্ব ফুটবল সংস্থার এই শীর্ষ কর্মকর্তা। এক্ষেত্রে তার ঢাকায় ট্রানজিট নেওয়ার সম্ভাবনা বেশি।
ফিফা সভাপতির এই সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।
বাফুফে সূত্র বলছে, সব বিমান সরাসরি থিম্পুতে যাতায়াত করতে না পারায় ট্রানজিটের এই সম্ভাবনা তৈরি হয়েছে।
ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নিলে তাঁর ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা যাতে দ্রুত এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বাফুফে সাধারণ সম্পাদক গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন।
বাফুফে সূত্র জানায়, ইনফান্তিনো যদি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ট্রানজিটে থাকেন, তবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতিরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘ফিফা আসিয়ান কাপ’ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। আজ তিনি ঢাকায় সংক্ষিপ্ত বিরতি নিলে বাফুফে সভাপতির সঙ্গে আবারও তাঁর সৌজন্য সাক্ষাৎ হতে পারে।
এএম