Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজের মধ্যে বড় দুঃসংবাদ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটন দাস। অনেকেই ভেবেছিলেন, এই সিরিজ দিয়েই বাংলাদেশ দলের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে তার নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু ম্যাচ শুরুর আগেই পরিস্থিতি পাল্টে যায়।  

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে টস করতে মাঠে নামেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়, এই ম্যাচে লিটন নেই। দলের নেতৃত্ব দিচ্ছেন হৃদয়।  

এরপর এলো আরও বড় দুঃসংবাদ। শুধু এক ম্যাচ নয়, চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন দাস।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গতকাল ডান হিপ জয়েন্টে (নিতম্বের সংযোগস্থল বা উরুসন্ধি) অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল সে। তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’  

লিটনের অনুপস্থিতিতে উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান। অধিনায়কত্বের দায়িত্বে থাকা তাওহিদ হৃদয়কেও অতিরিক্ত চাপ সামলাতে হবে।  

এই সিরিজকে ঘিরে বাংলাদেশের প্রত্যাশা ছিল অনেক। লিটনের নেতৃত্বে নতুন করে দল গড়ার পরিকল্পনা ছিল। কিন্তু চোটের কারণে সেই পরিকল্পনা ভেস্তে গেল।