Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

আটকে গেছে বাবর-রিজওয়ানদের নতুন কেন্দ্রীয় চুক্তি

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয় ও হোয়াইটওয়াশের পর পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জাতীয় দলের খেলোয়াড়রা এখন এই চুক্তির জন্য অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। প্রধান কোচ ও নির্বাচকমণ্ডলীর কঠোর মূল্যায়নের মুখে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ অনেকেরই নতুন চুক্তি আগামী মাস পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

ক্রিকেট সূত্রগুলো জানিয়েছে, গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের আগে ৩০ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছিল। এই কেন্দ্রীয় চুক্তি চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর হওয়ার কথা থাকলেও ইংল্যান্ড সফরে দলের হতাশাজনক পারফরম্যান্স পুরো প্রক্রিয়াটিকে থামিয়ে দিয়েছে। ফলে প্রাথমিক তালিকায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান ও টেস্ট অধিনায়ক শান মাসুদের চুক্তি থেকে বাদ পড়ার আশঙ্কা বেড়ে গেছে।

পিসিবি সূত্রে জানা গেছে, সব ফরম্যাটের প্রধান কোচ মাইক হেসন এবং নির্বাচকমণ্ডলী তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন। আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। কোচ ও নির্বাচকরা চাইছেন, এই সিরিজ এবং ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের পারফরম্যান্স ভালোভাবে দেখে তারপর ক্যাটাগরি চূড়ান্ত করতে। এছাড়া নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত চুক্তি ঘোষণা আরও দেরি হতে পারে।

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তি আর আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে দেওয়া হবে না। খেলোয়াড়দের পারফরম্যান্স ও দক্ষতার ওপর ভিত্তি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—প্রতিটি ফরম্যাট অনুযায়ী আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হবে।

আগের চুক্তির মেয়াদ গত ৩১ জুলাই শেষ হয়ে গেলেও পিসিবি নিশ্চিত করেছে, চুক্তি যখনই ঘোষণা হোক না কেন, তা পূর্বনির্ধারিত তারিখ থেকেই কার্যকর হবে।