Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

১৪ বলের ফিফটির পর ৪৯ বলে সেঞ্চুরি, যে রেকর্ড দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম

ক্রিজ জুড়ে শুধু চারের সীমানা আর ছক্কার আস্ফালন! ব্যাটে ঝড় তোলার দিনে ঠিক কী করতে পারেন, তা আরও একবার প্রমাণ করলেন অস্ট্রেলীয় তারকা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। ২২ গজে প্রতিপক্ষের বোলারদের পাড়ার বোলারে পরিণত করে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে নিজের গড়া দ্রুততম ফিফটির রেকর্ড নিজেই ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন এই বিধ্বংসী ওপেনার। কুইন্সল্যান্ডের বোলারদের তুচ্ছজ্ঞান করে মাত্র ১৪ বলে ফিফটি এবং ৪৯ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।

অ্যাডিলেডের ক্যারেন রল্টন ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হন ফ্রেজার-ম্যাকগার্ক। ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। দ্বিতীয় ওভারে টম স্ট্রেকারের এক ওভার থেকেই তুলে নেন ২২ রান। চতুর্থ ওভারে টম হুইটনিকে পিটিয়ে আদায় করেন ১৬ রান। এরপর ম্যাচের ষষ্ঠ ওভারে হেইডেন কেরের ওপর চড়াও হয়ে মাত্র ১৪ বলেই নিজের ফিফটি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।

পরবর্তী ৮ বলে আরও ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে রান বাড়াতে থাকেন তিনি, পৌঁছান ৭৫ রানে। সে সময় তার ২০০৩ সালে গড়া ২৯ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে কুইন্সল্যান্ড অধিনায়ক মিচেল সোয়েপসনের নিয়ন্ত্রিত স্পিনে কিছুটা ধীরগতির হতে বাধ্য হন তিনি। শেষ পর্যন্ত টম হুইটনিকে টানা দুটি ছক্কা মেরে ৪৯ বলে সেঞ্চুরি পূরণ করেন এবং ৬৩ বলে ১২২ রানের এক টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তার অসাধারণ এই ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কার মার। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

এর আগে ২০২৩ সালে ১৮ বলে ফিফটি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে ইতিহাসে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার আগের চেয়ে ৪ বল কম খেলেই নিজের সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁলেন। বর্তমানে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটি (যেখানে ভারতের বৈভব সূর্যবংশী ১১ বলে ফিফটি করে তালিকার শীর্ষে রয়েছেন)। উল্লেখ্য, ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এবি ডি ভিলিয়ার্সের (৩১ বল) বিশ্বরেকর্ড ভেঙেছিলেন ম্যাকগার্ক।

ম্যাচে ফ্রেজার-ম্যাকগার্কের তাণ্ডবের পাশাপাশি তার দলীয় অধিনায়ক নাথান ম্যাকসুইনি ১০৬ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন। দুই ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৭ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ অস্ট্রেলিয়া।

৩৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাকলান হার্ন ১২১ রানের লড়াই চালিয়ে গেলেও ২৫ ওভারের মধ্যে ২৭১ রানে গুটিয়ে যায় কুইন্সল্যান্ড। দক্ষিণ অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসন দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষকে ধসিয়ে দেন। ফলে ১২৬ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথ অস্ট্রেলিয়া।