Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

ফিফার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের গোপন পরিকল্পনা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) ফাঁস হওয়ার পর ফিফা কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে সব নথি প্রকাশ ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিলে তিনি ফিফা সভাপতির পদে থাকার যোগ্য নন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব ফুটবলের শীর্ষ কর্মকর্তারা।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে সাড়ে তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের এক উত্তপ্ত বৈঠকে ইনফান্তিনো এই তোপের মুখে পড়েন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি না হয়ে ফিফা অ্যাপে এক ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, "ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প সংক্রান্ত যোগাযোগ ও পরামর্শ প্রক্রিয়ার ভুলের জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়েছি। তবে এটি কেবল একটি প্রস্তাব ছিল, চূড়ান্ত চুক্তি নয়।"

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ও ফিফা সহ-সভাপতি ডেবি হিউইট বৈঠক শেষে জানান, দীর্ঘ আলোচনার পরও মূল প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি।

হিউইট বলেন, "আমরা যেসব নথিপত্র (এফএফই সংক্রান্ত) চেয়েছিলাম, তার একটারও উত্তর দেওয়া হয়নি। আমি মনে করি, ওই প্রশ্নগুলোর উত্তর যদি তিনি দিতে না পারেন, তবে তিনি ফিফা সভাপতির দায়িত্ব পালনের যোগ্য নন। যদি অনুশোচনা এতটাই গভীর হয়, তবে সেই নথিপত্রগুলো কাউন্সিলের সামনে প্রকাশ করছেন না কেন?"

সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে কেবল এফএফই বিতর্কই নয়, আমেরিকান ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করা, ফিফা পিস প্রাইজ (শান্তি পুরস্কার) এবং সদস্য দেশগুলোর ফান্ডিং সংক্রান্ত বিতর্কেও ইনফান্তিনোকে চেপে ধরেন কাউন্সিল সদস্যরা।

ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা ইউয়েফা ইনফান্তিনোর এই কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে ইতোমধ্যেই তাঁর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে। ইউয়েফা ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং এফএফই সম্পর্কিত সমস্ত নথি প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের তিনটি আদালতে মামলা দায়ের করেছে।

নভেম্বরের মধ্যে নথি প্রকাশ ও লিখিত প্রশ্নের জবাব না দিলে জিয়ান্নি ইনফান্তিনোর ফিফা সভাপতির ভবিষ্যৎ বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে।