Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ভিনিসিয়ুসের চার ম্যাচের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে ৪-৩ ব্যবধানের মহাকাব্যিক জয়ের পরও স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিয়ো। রোমার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর মাত্র দুই ঘণ্টা আগে উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের চার ম্যাচের নিষেধাজ্ঞার খবর প্রকাশ করায় একে "নির্লজ্জ সিদ্ধান্ত" বলে মন্তব্য করেছেন তিনি।

গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের চুল টানার কারণে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস। এই শাস্তির ফলে বার্সেলোনার বিপক্ষে আসন্ন হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’ সহ লা লিগার গুরুত্বপূর্ণ চার ম্যাচে ভিনিসিউসকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।

রোমার বিপক্ষে নাটকীয় জয়ের পর সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ মরিনিয়ো বলেন, "স্প্যানিশ ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ শুরুর ঠিক দুই ঘণ্টা আগে একজন খেলোয়াড় জানল যে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটি কি স্বাভাবিক ঘটনা? এটি তারা কাল সকালে করতে পারত না? সিদ্ধান্তটি যে উদ্দেশ্যপ্রণোদিত, তা স্পষ্ট।"

তিনি আরও যোগ করেন, "তারা এখন কোনো লজ্জা ছাড়াই এসব করছে। স্প্যানিশ ফুটবলের র‍্যাঙ্কিং ও মর্যাদার জন্য ৩ পয়েন্ট ছিনিয়ে আনা একটি দলের খেলোয়াড়কে ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা একদমই স্বাভাবিক বিষয় নয়।"

ভিনিসিউসের নিষেধাজ্ঞার পাশাপাশি দলের ম্যাচের সময়সূচি নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেন মরিনিয়ো। আগামী ৪ নভেম্বর গ্রিসের এথেন্সে এইকে এথেন্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার পর আগামী ৭ নভেম্বর শনিবারই ভ্যালেন্সিয়ার মুখোমুখি হতে হবে রিয়ালকে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিপক্ষে বলেন, "বুধবার রাতে এথেন্সে খেলে বৃহস্পতিবার শেষ রাতে মাদ্রিদ ফিরে আবার শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে কঠিন ম্যাচে মাঠে নামা কোনো যুক্তির মধ্যে পড়ে না। এগুলো কোনো অবহেলা নয়, ইচ্ছাকৃত। আমি আর এসব টিভি সম্প্রচারের অজুহাত গিলব না। রিয়াল মাদ্রিদ সমর্থকরা বোকা নন এবং আমি সবার চোখ খুলে দেওয়ার জন্য সব করব।"

উল্লেখ্য, মাঠের ফুটবলে রোমার বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে থেকেও মরিনহোর মাস্টারক্লাস পরিবর্তনের ওপর ভর করে শেষ সাত মিনিটে তিন গোল করে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।