Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, এগিয়েছেন লিটন

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাটে-বলে নজরকাড়া পারফরম্যান্সের সুফল পেয়েছেন লিটন দাস ও হাসান মাহমুদ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের এই দুই তারকার।

আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে দলকে চালকের আসনে বসিয়েছিলেন লিটন দাস। জোড়া ইনিংসের এই ধারাবাহিকতায় তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৯তম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে ৬১০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষ ৩০-এ প্রবেশ করলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

অন্যদিকে, প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং ও ঐতিহাসিক হ্যাট্রিকসহ ম্যাচে মোট ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার সুবাদে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ লাফিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি।

বাংলাদেশের অন্যান্য বোলারদের মধ্যে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ১ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন এবং পেসার এবাদত হোসেন ১১ ধাপ লাফিয়ে যৌথভাবে ৬৭তম স্থানে অবস্থান করছেন। তবে এক উইকেট নেওয়া স্পিনার তাইজুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমে গেছেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ১ ধাপ করে পিছিয়েছেন। তবে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ১০ ধাপ উন্নতি করে ৯২তম স্থানে উঠে এসেছেন।