Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

জিম্বাবুয়ে ক্রিকেটে আজ শোকের ছায়া। সাবেক জাতীয় দলের পেসার ও আন্তর্জাতিক আম্পায়ার সারা দাম্বানেভানা আর নেই। সোমবার (১২ অক্টোবর) হারারেতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গত মার্চে একটি অস্ত্রোপচারের পর থেকেই হারারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সারা।

ক্রিকেট অঙ্গনে নিজের অনন্য দক্ষতার ছাপ রেখে যাওয়া সারা দাম্বানেভানা ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ে জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। খেলার পাট চুকিয়ে ২০২২ সালে তিনি আইসিসির ডেভেলপমেন্ট আম্পায়ার প্যানেলে যোগ দেন। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর সিনিয়র আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে তাঁর পথচলা শুরু হয়।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৩টি ম্যাচে (৪২টি নারী টি-টোয়েন্টি, ১১টি নারী ওডিআই এবং ১০টি পুরুষ টি-টোয়েন্টি) আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালন করে প্রথম জিম্বাবুইয়ান নারী হিসেবে কোনো বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করার ইতিহাস গড়েছিলেন তিনি। 

পরবর্তীতে ২০২৪ সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী ওডিআই বিশ্বকাপের ঐতিহাসিক ‘অল-ফিমেল’ ম্যাচ অফিশিয়াল প্যানেলের অন্যতম সদস্য হিসেবেও দক্ষতার পরিচয় দেন।

সারা দাম্বানেভানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুলানি বলেন, "সারার সাফল্য জিম্বাবুয়ের তরুণীদের দেখিয়েছে যে খেলাধুলার সর্বোচ্চ পর্যায়ে তাঁদেরও সমান অধিকার রয়েছে। তিনি জিম্বাবুয়ে ক্রিকেটের নতুন দুয়ার খুলে দিয়েছিলেন। তাঁর এই অকালপ্রস্থান আমাদের ক্রিকেট পরিবারে এক গভীর শূন্যতার সৃষ্টি করল।"